টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার জন্য বারবার বিসিবিকেই ডাকছে তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এবার ভারত-পাকিস্তান ম্যাচে মহসিন নাকভি ও জয় শাহর সঙ্গে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যাচ্ছেন না বুলবুল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আজ সকালেই কুয়েত থেকে দেশে ফিরেছেন বুলবুল। তিনি এ কারণে আইসিসিকে জানিয়ে দিয়েছেন, তার পক্ষে আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। মূলত বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় অন্য কোনো ম্যাচ উপভোগ করার জন্য যেতে চান না এমনটাই জানিয়েছেন তিনি।
নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প ভেন্যুর আবেদন করলেও তা নাকচ করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হয়েছে। প্রতিবাদে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে।
এরপর পিসিবিকে ম্যাচ খেলানোর জন্য রাজি করাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে আইসিসি। এমনকি লাহোরে পিসিবির সঙ্গে চার ঘণ্টাব্যাপী আলোচনায় আইসিসি ডেকে নিয়ে যায় আমিনুল ইসলাম বুলবুলকেও। সেখানে বিসিবিকে নানা সুবিধা থেকে বঞ্চিত না করার আশ্বাস দেওয়া হয়। এরপর বুলবুল নিজেও পিসিবি প্রধান মহসিন নাকভিকে আহ্বান জানান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে।
আরও অনেক দেশই পিসিবিকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানায়। তবে বিসিবি থেকেও একই অনুরোধ পাওয়ার পরেই মূলত পাকিস্তান রাজি হয়েছে। এখন অপেক্ষা শুধু ম্যাচটি মাঠে গড়ানোর। আগামীকাল বহুল প্রতীক্ষিত ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোয়।
ভারত-পাকিস্তান ম্যাচে দেখবেন বিশ্ব ক্রিকেটের শীর্ষ ব্যক্তিরা
টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ খেলাটি দেখতে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাকিস্তান অবজারভারের প্রতিবেদন, বৈরিতার মধ্যেও পিবিসি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ কলম্বোয় ম্যাচটি একসঙ্গে মাঠে বসে দেখার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নাকভির শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এমন দাবিও করা হয়েছে।
ম্যাচটিতে আইসিসির অন্যান্য কর্মকর্তা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের উপস্থিত থাকারও সম্ভাবনা প্রবল। একই ভেন্যুতে দুই দেশের বোর্ড কর্মকর্তাদের উপস্থিতি ক্রীড়াঙ্গনে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ম্যাচটি সরাসরি দেখার জন্য। আমন্ত্রিতদের তালিকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নামও রয়েছে। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত এই ম্যাচটি হবে আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
এসিসি সভা শেষে আজ কুয়েত থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। সে কারণেই তিনি আর শ্রীলঙ্কায় আগামীকাল ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে যাচ্ছেন না। বিসিবির একজন পরিচালক আগেই জানিয়েছিলেন, সভাপতির এখন পর্যন্ত ম্যাচ দেখতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
