সবশেষে বিসিবির নির্বাচন নিয়ে বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ লিগ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমতাবস্থায় ক্লাব কর্তাদের নিয়ে সভা ডেকেছে সিসিডিএম। আগামীকাল (৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সেখানে সকল ক্লাবকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ (৭ এপ্রিল) ঢাকার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে বিসিবি সভাপতি ক্লাবগুলোকে অনুরোধ করে বলেন, ‘আশা করছি কালকে সব ক্লাব আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবগুলোকে অনুরোধ করছি, দয়া করে আপনারা কালকে আসেন।’
সকল সমস্যা কাটিয়ে লিগ মাঠে গড়ানোর আহবান জানিয়ে বুলবুল আরও বলেন, ‘আমাদের সিসিডিএম সভাপতি এবং আরেকজন সহ-সভাপতি ফারুক ভাই থাকার কথা আছে সেখানে (সভায়)। আমরা চাইব…. অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি কারণ এটাই একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট আমাদের।’
সাধারণত প্রতি বছরের মার্চ-এপ্রিলের দিকে অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসরের ওপর ক্রিকেটাররা অর্থনৈতিকভাবে অনেকটা নির্ভরশীল। তবে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্রিকেট বোর্ডে চলমান অস্থিরতার কারণে এই লিগের ভবিষ্যত এখন অনিশ্চয়তার মুখে।
সমস্যা সমাধানে আগামীকাল ক্লাবগুলোকে এক সভায় আহবান জানিয়েছে সিসিডিএম। সমস্যা সমাধান হলে এদিন লিগের দিনক্ষণ নির্ধারণের কথা রয়েছে। তবে জানা যাচ্ছে, অধিকাংশ ক্লাবই সভায় আসবে না। সেক্ষেত্রে লিগের ভবিষ্যত কী হবে সেটা নিয়ে থাকছে ঘোর অনিশ্চয়তা।
