এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে বাটলারের ক্ষোভ

প্রস্তুতি নিয়ে মিথ্যাচারের অভিযোগ

এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে বাটলারের ক্ষোভ

এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে বাটলারের ক্ষোভ, ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবল খেলার ‍সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সেই আসরে খেলতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি ও প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় ক্ষোভ জানিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়া রওনা দেওয়ার আগের সংবাদ সম্মেলনে ক্ষুব্ধতা প্রকাশ করেন বাটলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তাদের পেশাদার মনোভাবের ক্ষেত্রে যে ঘাটতি গোচর হয়েছে সেটিকেই প্রশ্নবিদ্ধ করেছেন বাটলার। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এদের মধ্যে চীন ৯ বার ও উত্তর কোরিয়া তিনবার শিরোপা জিতেছে। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তানও (৪৯তম) ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২তম) চেয়ে অনেক এগিয়ে।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন, ছবি : সংগৃহীত

এসব কারণে কঠোর অনুশীলন, জোর প্রস্তুতির প্রয়োজন ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু মাঠের লড়াইয়ের জন্য যেভাবে প্রস্তুত হয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা তাতে সন্তুষ্ট হতে পাারেননি বাটলার। গত জুলাইয়ে দাপটের সাথে এশিয়ান কাপের বাছাই পেরুনোর পর মাত্র চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ ম্যাচটি খেলেছে গত ২ ডিসেম্বর ঢাকায় আজারবাইজানের বিপক্ষে।

বাংলাদেশ নারী দলের প্রস্তুতি

আজ রাতে রওনা হয়ে শুক্রবার অস্ট্রেলিয়া পৌঁছুনোর কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করার আগে সেখানে দল নিয়ে ক্যাম্প পরিচালনা করবেন বাটলার। অস্ট্রেলিয়ার স্থানীয় একটি দলের সাথে প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। ম্যাচটি হলে সেটি হবে চার মাসের মধ্যে মেয়েদের প্রথম কোনো ম্যাচ খেলতে নামা!

অথচ প্রীতি ম্যাচ নিয়ে বাটলারের অনেক বেশি চাওয়া ছিল বাছাই পেরুনোর পর। থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, ফিলিপাইন-এমন সব দেশে কখনও ক্যাম্প করার কথা, কখনও তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আশাবাদ জানিয়েও বাফুফে তা বাস্তব করতে পারেনি। তাই বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পাসে বসে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন বাটলার।

নিজেদের মধ্যেই ম্যাচ খেলেছেন আফঈদারা, ছবি : সংগৃহীত

আজ বাটলার বলেছেন,‘বেশি বিস্তারিত না বলে আমি শুধু এটাই বলব যে, যেকোনো টুর্নামেন্টে খেলার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিই সব। আপনি হুট করে কিছু করতে পারেন না। মালয়েশিয়ার সাথে আমাদের খেলা না হওয়ার কারণ মিস কিরণ (নারী কমিটির প্রধান) ভালো জানেন। আমরা যে তারিখগুলো দিয়েছিলাম বা চিঠি আদান-প্রদান হয়েছিল, সেগুলোর সাথে লিগের তারিখের মিল ছিল না। কারণ প্রস্তুতির চেয়ে লিগ বেশি অগ্রাধিকার পেয়েছিল।’

জাপানে প্রীতি ম্যাচ না হওয়ার কারণ হিসেবে কিরণ অজুহাত দেখিয়েছেন সেখানকার ঠাণ্ডা আবহাওয়ার। কিন্তু বাটলার বলেছেন,‘হয়তো বাফুফের সবাই এই স্তুরের ফুটবল বোঝে না। আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। আমি খুব বেশি কিছু বলব না, তবে বাস্তবতা হলো—প্রস্তুতি আদর্শ মানের হয়নি।’

বাংলাদেশের লক্ষ্য

গ্রুপ পর্বে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তান ম্যাচ। এই ম্যাচটির ফল অনুকূলে এলে সরাসরি অলিম্পিকসে খেলার সুযোগ পাবে দল। প্রতিযোগিতার সেরা ছয় দলের মধ্যে থাকলে খোলা থাকবে পরের নারী বিশ্বকাপে খেলার দুয়ার।

বাটলার দলের লক্ষ্য নিয়ে বলেছেন,‘দলের প্রায় ৪৮ শতাংশ খেলোয়াড়ের বয়স ২০ বছরের নিচে এবং তাদের মানসিকতা বেশ আক্রমণাত্মক; আমি চাই না তারা সেই ধারা থেকে বেরিয়ে আসুক। আমাদের লক্ষ্য হলো বিধ্বস্ত না হয়ে একটি গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স উপহার দেওয়া। আমরা অত্যন্ত মানসম্পন্ন কিছু দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই ম্যাচ বাই ম্যাচ, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে আমাদের।’

Exit mobile version