মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন কাসেমিরো

কাসেমিরো মেসির সঙ্গে বল দখলের লড়াইয়ে

ইন্টার মায়ামিতে দারুণ জমেছিল লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি। উভয়ে এখনো মায়ামিতে আছেন, খেলছেনও। তবে সুয়ারেজ ঠিক তাল মেলাতে পারছেন না। বয়সের কারণে হয়তো পিছিয়ে পড়েছেন। মায়ামির খেলা গতি হারাচ্ছে। সেই গতি ফিরিয়ে আনতে মায়ামিতে আসছেন কাসেমিরো। মেসি-কাসেমিরো জুটিতে মায়ামি ছুটবে নতুন গতিতে।

চুক্তি বাড়াবেন না

কাসেমিরো বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। মৌসুম শেষে তিনি ম্যানইউ ছাড়ার পরিকল্পনা করেছেন। ম্যানইউ তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল। কিন্তু কাসেমিরো সম্মত হননি। ফলে গত জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ানের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন কাসেমিরো। চার বছর ইংলিশ ক্লাবটির হয়ে আলো ছড়ানো কাসেমিরোর সঙ্গে ম্যানইউয়ের চুক্তি শেষ হবে এ বছরের জুনে।

ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে কাসেমিরোকে

কাসেমিরোকে নিয়ে জল্পনা

কাসেমিরোর ক্লাব ছাড়ার খবর সংবাদ মাধ্যমে আসতেই তার নতুন ঠিকানা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার নতুন গন্তব্য নিয়ে চমকপ্রদ সব খবর দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস। তাদের দেওয়া তথ্য অনুসারে মায়ামির নতুন ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র। আরও একটু খোলাসা করে বললে মেজর সকার লিগের ইন্টার মায়ামি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির জুটি হিসেবে দেখা যেতে পারে তাকে। এএসের দাবি, ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে কাসেমিরো ইতিবাচক অবস্থায় আছেন। অর্থাৎ মায়ামি ও কাসেমিরোর মধ্যে যোগাযোগ ব্যাটে বলে হয়ে গেলেই মায়ামি সমর্থকরা তাদের দলে কাসেমিরোকে দেখতে পাবেন।

আল নাসরের লোভনীয় প্রস্তাব

শুধু ইন্টার মায়ামি নয়, কাসেমিরোকে পেতে চেষ্টা চালাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এ ছাড়া রিয়ালে রোনালদোর সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতাও রয়েছে তার। তাছাড়া আল নাসর থেকে যথেষ্ঠ লোভনীয় প্রস্তাব তাকে দেওয়া হয়েছে।

শেষ পর্যন্ত কাসেমিরো হয়তো আল নাসরের লোভনীয় প্রস্তাব গ্রহণ করবেন না। মেসির সঙ্গে জুটি বাধবেন। কেননা এরই মধ্যে মায়ামিতে তিনি একটা বাড়ি কিনেছেন। যার ফলে ইন্টার মায়ামিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানইউতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির মিডফিল্ডে ভরসার স্থান হয়ে আছেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একটি এফএকাপ ও একটি লিগ কাপ জয় করেছেন। সাফল্যের এই ধারাবাহিকতা ইন্টার মায়ামিতে ধরে রাখতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।

Exit mobile version