সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসির। টানা চার ম্যাচ জয়ের পর আর ড্র’র ধারাবাহিকতায় ফিরে এসেছে দলটি। শনিবার ঘরোয়া লিগে নিজেদের মাঠের খেলায় বার্নলির সঙ্গে ড্র করেছে। টানা দ্বিতীয় ড্র এটি ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন দলটির।
চেলসির শিরোপা উদ্ধারের কোনো সম্ভাবনা এ মৌসুমে নেই। ২৭ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুই পয়েন্ট কম নিয়ে তাদের অনুসরণ করে চলেছে ম্যানচেস্টার সিটি। ৫১ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা তিনে।
দুর্ভাগ্য চেলসির। ম্যাচের শুরুতে হোয়াও পেদ্রোর করা গোলের সুবাদে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিক দল। কিন্তু তীরে এসে তরী ডোবে তাদের। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জিয়ান ফ্লেমিংয়ের গোলের সুবাদে চেলসির পয়েন্টে ভাগ বসায় বার্নলি। এর আগে অবশ্য চেলসির হারের পথটা তৈরি করে দেয় ওয়েসলি ফোফানার লাল কার্ড। ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে বহিস্কৃত হন তিনি। এ সুযোগ বার্নলি চেলসির ওপর চড়াও হওয়ার সুযোগ পায়। সে সুযোগ একের পর এক আক্রমণ রচনা করে তারা। একেবারে অন্তিত মুহুর্তে চূড়ান্ত ফসলও ঘরে তোলে দলটি।
এদিকে দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলা ১-১ গোলে লিডস ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি হয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড আর এএফসি বোর্নমাউথ ম্যাচে। গোল শূন্য ড্র হয় ম্যাচটি। তবে জয় পেয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২-০ গোলে তারা হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
স্থান পরিবর্তনের কোনো সুযোগ ছিল না অ্যাস্টন ভিলার। তবে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ওপর চাপ বাড়াতে পারতো তারা। কিন্তু সেই সুযোগ তারা পায়নি। বরং লিডস ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতেই পারে অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। অ্যান্টন স্ট্যাখ ৩১ মিনিটে গোল করে লিডস ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন। লম্বা একটা সময় এ ব্যবধান ধরে রেখে তারা অ্যাস্টন ভিলাকে চাপে রেখেছিল। শেষ পর্যন্ত শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে ৮৮ মিনিটে ট্যামি আব্রাহামের গোলে সমতায় ফেরে তারা।
