উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির বিদায় আগেই চূড়ান্ত হয়েছিল। বিশেষ করে প্রথম লেগের ম্যাচ শেষে। ৫-২ গোলে হেরেছিল চেলসি। ফলে মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এদিন নিজেদের মাঠের খেলায় ফ্রেঞ্চ লিগের শীর্ষ দল প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে। ফলে ৮-২ গোল গড়ে হেরে এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে চেলসি। শেষ হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের মিশন।
একই দিন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানসিটি। তারা প্রথম লেগের পর ফিরতি লেগেও রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির এটা ভয়াবহ বিপর্যয়ের একটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ের লড়াই ছিল একতরফা। চেলসি কোনো পাত্তাই পায়নি। প্রথম লেগে বড় জয় থাকায় এ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে সফরকারী দল। তার সুফল পেতে মোটেও দেরি করতে হয়নি। মাত্র ১৪ মিনিটের মধ্যে জোড়া গোলের দেখা পায় প্যারিস সেন্ত জার্মেই। তারা প্রথম গোল পায় ষষ্ঠ মিনিটে। আর দ্বিতীয় গোল হয় চতুর্দশ মিনিটে। তৃতীয় গোল হয় দ্বিতীয়ার্ধে।
আর্সেনাল কোয়ার্টার ফাইনালে
ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসি বিদায় নিলেও একইদিনে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্সেনাল। অ্যাওয়েতে বেয়ার লেভারকুজেনের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠের খেলায় আর্সেনাল ২-০ গোলে জয় পেয়েছে। ফলে ৩-১ গোল গড়ে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছেছে আর্সেনাল।
কোয়ার্টার ফাইনালে ওঠার মাঝ দিয়ে আর্সেনাল শিরোপা জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছে। আর্সেনালের সামনে আরও একাধিক শিরোপা জয়ের হাতছানি রয়েছে। প্রিমিয়ার লিগে দারুণ অবস্থায় দলটি। নিকটবর্তী দল থেকে তারা ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। কারাবাও কাপও জয়ের সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটির সামনে। কারাবাও কাপের শেষ ধাপে পৌঁছেছে আর্সেনাল। আগামী রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে তারা।
প্রথম লেগের খেলায় ড্র করায় এ ম্যাচে আর্সেনালের সামনে জয়ের বিকল্প ছিল না। প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল তাদের বিপক্ষে। ফলে প্রথম গোলের জন্য তাদের লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। ৩৬ মিনিটে ইবেরচি ইজে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন। ৬৩ মিনিটে ডেকলান রাইস দ্বিতীয় গোল করে আর্সেনালের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেন।
