ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই জয়ে শীর্ষে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের হ্যাটট্রিক হার হয়েছে। আজ বেঙ্গালুরুতে তারা স্বাগতিকদের কাছে হাই-স্কোরিং ম্যাচে ৪৩ রানে পরাজিত হয়।
চেন্নাইয়ের হ্যাটট্রিক হার হয়েছে বেঙ্গালুরুর ২০ ওভারে তিন উইকেটে করা ২৫০ রানের বিশাল সংগ্রহ তাড়ায় নেমে। চেন্নাই ১৯.৪ ওভারে গুটিয়ে গেছে ২০৭ রানে। আগে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। ফিল সল্টের সঙ্গে ৩৭ রানের ওপেনিং জুটি গড়ে ১৮ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৮ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।
দ্বিতীয় উইকেটে সল্ট আর দেবদূত পাডিক্কাল ৫৬ রানের জুটি গড়েন। সল্ট ৩০ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৬ রানে আউট হন। পাডিক্কাল-রজত পাতিদার আরও ৫৮ রান যোগ করেন। এতেই বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যায় বেঙ্গালুরু। পাডিক্কাল ২৯ বলে ৫টি চার, ২টি ছয়ে ৫০ রান করেন।
অবশ্য প্রত্যাশার চেয়েও বেশি সংগ্রহই পেয়েছে স্বাগতিক দল মূলত টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে। তিনি মাত্র ২৫ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় ৭০ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের হ্যাটট্রিক হার
ডেভিড ও পাতিদার ঝড়ে শেষ পাঁচ ওভারেই ওঠে ৯৭ রান। পাতিদার ১৯ বলে ১টি চার ও ৬টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে ৩০ রানেই ৩টি উইকেট খুইয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই।
চতুর্থ উইকেটে ৪৭ রান হয় সরফরাজ খানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে। তিনি ২৫ বলে ৮টি চার, ২টি ছয়ে ৫০ রান করেন। পরে প্রশান্ত বীর ২৯ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৪৩ এবং জেমি ওভারটন ১৬ বলে ৪টি চার, ২টি ছয়ে ৩৭ রান করলে হারের ব্যবধান কমাতে পেরেছে চেন্নাই।
দুই বল বাকি থাকতেই চেন্নাইয়ের ইনিংস থেমেছে ২০৭ রানে। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৪১ রানে ৩টি উইকেট নেন। এ ছাড়া অভিনন্দন সিং, ক্রুনাল পান্ডিয়া ও জ্যাকব ডাফি ২টি করে উইকেট শিকার করেন। দারুণ মিতব্যয়ি বোলিংয়ে সুয়াশ শর্মা একটি উইকেট নিলেও চার ওভারে দেন মাত্র ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর
বেঙ্গালুরু- ২৫০/৩; ২০ ওভার ( ডেভিড ৭০*, পাডিক্কাল ৫০, পাতিদার ৪৮*, পাডিক্কাল ৪৬, কোহলি ২৮; দুবে ১/৩০, ওভারটন ১/৪২, কামবোজ ১/৫২)।
চেন্নাই- ২০৭/১০; ১৯.৪ ওভার (সরফরাজ ৫০, প্রশান্ত ৪৩, ওভারটন ৩৭, কামবোজ ১৯*; ভুবনেশ্বর ৩/৪১, অভিনন্দন ২/৩০, ক্রুনাল ২/৩৬, ডাফি ২/৫৮)।
ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪৩ রানে জয়ী।
ম্যাচসেরা : টিম ডেভিড।
