বিদায় বর্তমান চ্যাম্পিয়ন কোকো গাউফের

ফ্রেঞ্চ ওপেন

ম্যাচ জয়ের পর আনাস্তাসিয়া পোতাপোভা

ফ্রেঞ্চ ওপেন থেকে নামী তারকাদের বিদায়ের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এবং ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ আগেই বিদায় নিয়েছেন। এবার সে তালিকায় যোগ হলেন বর্তমান চ্যাম্পিয়ন কোকো গাউফ। শনিবার তৃতীয় রাউন্ডে আনাস্তাসিয়া পোতাপোভার কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের তারকা কোকো গাউফ এবারের প্রতিযোগিতায় চতুর্থ বাছাই খেলোয়াড় ছিলেন। তবে পোতাপোভার সঙ্গে পেরে উঠলেন না। শুরুটা ভালো ছিল কোকো গাউফের। প্রথম সেটে জয় পেয়েছিলেন। চতুর্থ রাউন্ডের পথে এগিয়ে গিয়েছিলেন অর্ধেকটা। কিন্তু পোতাপোভা সেখানেই তাকে থামিয়ে দিলেন। আর এগুতে দিলেন না। ৪-৬, ৭-৬(৭-১) ও ৬-৪ গেমে ম্যাচ হেরেছেন গাউফ। বর্তমান চ্যাম্পিয়ন গাউফকে হারানোর মাঝ দিয়ে পোতাপোভা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। চতুর্থ রাউন্ডে তিনি রাশিয়ান তারকা আনা কালিন্সকায়ার বিপক্ষে খেলবেন। ২২ বছর বয়সী কালিন্সকায়া ৬-৩, ০-৬ ও ৬-২ গেমে কামিলা ওসোরিওকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন।

ম্যাচে কোকো গাউফ

প্রস্তুতি ভালো ছিল না কোকোর

গত বছরের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছিলেন কোকো। এবারের প্রস্তুতিটা অবশ্য তার মোটেও ভালো ছিল না। এ বছরের কোনো শিরোপার দেখা পাননি। কোকোর বিদায়ের মাঝ দিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেনে নতুন কোনো চ্যাম্পিয়ন দেখা পাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে একজন নতুন সেমিফাইনালিস্ট পাচ্ছে তা এখনই বলে দেওয়া যায়। পোতোপোভা, কালিন্সকায়া, প্যারি অথবা পোল্যান্ডের মায়া চাওয়ালিনস্কা- এই চারজনের মধ্যে একজনকে এবার শেষ চারে দেখা যাবে। অথচ এর আগে তাদের কেউ কোয়ার্টার ফাইনালেও খেলেননি।

ইনজুরিতে পোতাপোভা

কোকোর বিপক্ষে জয়টা মোটেও সহজ ছিল না পোতাপোভার জন্য। কিছুটা ইনজুরির সমস্যা ভুগছিলেন তিনি। যার ফলে ম্যাচ শেষ হতেই বারবার তাকে কাঁধ ধরে থাকতে দেখা যায়। তবে ম্যাচ জয় তার কাঁধের সমস্যা অনেকটা কমিয়ে দিয়েছে। তেমনই তিনি জানিয়েছেন। বলেন, কাঁধে কিছুটা সমস্যা রয়েছে ঠিকই তবে এটা তেমন কিছু না। সব ঠিক আছে। এ মুহুর্তে এসব বিষয়ে কোনো কথা নয়, আমি এখন দারুণ খুশি। ম্যাচে আমি যা করেছি তার জন্য গর্বিত। আমি ম্যাচে ভালোভাবে টিকেছিলাম এবং শেষ পয়েন্ট পর্যন্ত লড়ে গেছি।

এদিকে শনিবার বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বাছাই তারকা আমান্দা আনিসিমোভা। ফ্রান্সের দিয়ানে প্যারির কাছে হেরেছেন তিনি। তবে জয় পেয়েছেন গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী মাদিসন কিস। নবম বাছাই ভিক্টোরিয়া এমবোকোকে তিন সেটের খেলায় হারিয়েছেন তিনি।

Exit mobile version