নেইমারকে ঘিরে মার্কেটিংয়ের অভিযোগ । সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেলেও নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্ক থামছে না। কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে নাম ওঠার মাত্র দুই দিন পর আবারও চোটে পড়েন এই তারকা। ফলে আসন্ন বিশ্বকাপে তাকে কতটা মাঠে পাওয়া যাবে, তা নিয়েই এখন চলছে নতুন করে আলোচনা-সমালোচনা।
ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মাউরো সেজারো অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার মতে, নেইমারকে মূলত খেলোয়াড়ি পারফরম্যান্সের চেয়ে ব্র্যান্ড ভ্যালু এবং বাজারজাত করার উদ্দেশ্যেই স্কোয়াডে রাখা হয়েছে। ব্রাজিলের ইউওএল চ্যানেলের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, নেইমারকে ঘিরে যা ঘটছে, তা আসলে একধরনের করুণ এবং সস্তা প্রচার কৌশল ছাড়া আর কিছু নয়।
সেজারো বলেন, নেইমারকে নিয়ে চলমান পরিস্থিতি তাকে ২০১৪ সালের কথাই মনে করিয়ে দিচ্ছে। তবে তার মতে, তখনকার চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্তটি যুক্তিযুক্ত ছিল, কারণ সেসময়ও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু এখনকার বাস্তবতায়, যখন নেইমারের শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্নের মুখে, তখন তাকে স্কোয়াডে রাখার কোনো ক্রিকেটীয় নয়, ফুটবলীয় যুক্তিও তিনি দেখছেন না।
তিনি আরও বলেন, নেইমার আগের মতো সেই প্রভাবশালী ও ম্যাচ বদলে দেওয়া ফুটবলার আর নেই। ক্লাব ফুটবলেও তিনি এখন নিয়মিত ছন্দে নেই বলে মনে করেন সেজারো। তার অভিযোগ, জাতীয় দলে নেইমারকে রাখা হচ্ছে পারফরম্যান্সের চেয়ে প্রভাব ও নামের জোরে। এ কারণেই বিষয়টি একটি মার্কেটিং প্লেতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সেজারোর বক্তব্যে পরিষ্কার, নেইমারের উপস্থিতি শুধু ফুটবলীয় আলোচনাই তৈরি করেনি, বরং দল নির্বাচন, ফিটনেস এবং ব্রাজিলের বর্তমান কৌশল নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। বিশ্বকাপের আগে এই বিতর্ক এখন আরও জোরালো হয়ে উঠেছে।
