ইয়ামালের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা!

ইয়ামালের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা! বিশ্বকাপের আগে স্পেন শিবিরে সবচেয়ে বেশি আলোচিত নাম এখন লামিনে ইয়ামাল। লা লিগায় চোট পাওয়ার পর থেকেই এই তরুণ তারকার ফিটনেস ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই ইনজুরিতে পড়ায় সমর্থকদের বড় দুশ্চিন্তা ছিল, আদৌ তাকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না। তবে সেই শঙ্কার মাঝেই স্কোয়াডে ইয়ামালকে রেখেই দল ঘোষণা করেছে স্পেন।

এবার নতুন প্রশ্ন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই কি দেখা যাবে তাকে? স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এই প্রশ্নের একেবারে নিশ্চিত উত্তর দিতে পারেননি। তবে আশার দিকও আছে। তিনি জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৫ জুনের ম্যাচে ইয়ামালকে মাঠে দেখা যেতে পারে। যদিও সেটি এখনো পুরোপুরি নির্ভর করছে শেষ মুহূর্তের শারীরিক মূল্যায়নের ওপর।

দে লা ফুয়েন্তে বলেন, বড় কোনো পরিবর্তন না হলে ইয়ামাল কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারে। তবে তাকে নিশ্চিতভাবে মাঠে পাওয়া যাবে, এমনটা এখনই বলা যাচ্ছে না। কোচ আরও জানান, ফুটবলারটির শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখা হবে। প্রয়োজনে তাকে কিছু সময় অনুশীলনে রাখাই হতে পারে, যাতে পরের ম্যাচগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকা যায়।

আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। স্পেন তাদের অভিযান শুরু করবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্প্যানিশরা। তবে সেই ম্যাচে ইয়ামালকে দেখা যাবে না বলেই জানিয়েছেন কোচ।

গত ২২ এপ্রিল লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান ইয়ামাল। এরপর বার্সেলোনার হয়ে আর মাঠে নামতে পারেননি তিনি। সেই চোটই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় সংশয় তৈরি করেছিল। পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রগতি হলেও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এই উদীয়মান তারকা।

সব মিলিয়ে স্পেন এখন ইয়ামালকে ঘিরেই অপেক্ষায়। প্রথম ম্যাচে তার নাম থাকবে কি না, সেই চূড়ান্ত উত্তর মিলবে ১৫ জুন। আপাতত স্প্যানিশ সমর্থকদের চোখ সেই দিনটার দিকেই।

Exit mobile version