লিওনেল মেসি কি বিশ্বকাপ খেলবেন? মেসিকে নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আশাবাদী। সে জন্যই তিনি জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেললে তা হবে বিশেষ এক সৌভাগ্য। আর্জেন্টাইন কোচের দৃঢ় বিশ্বাস, মেসি ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
চার বছর আগে লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এরপরও। কারণ, তিনি নিজে বিষয়টি স্পষ্ট করেননি। অথচ আর্জেন্টাইন মহাতারকার হাত ফসবে সেই শিরোপা অন্য কারও দখলে যাক ভক্ত-সমর্থকরা তা মোটেও চান না।
অবশ্য এবার বিশ্ব আসর চলাকালীন মেসির বয়স হবে ৩৯! এই বয়সে তিনি আদৌ শিরোপা ধরে রাখার কঠিন মিশনে আর্জেন্টিনার জার্সি গায়ে লড়াইয়ে নামবেন কিনা সেই প্রশ্নটা এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। কারণ, জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের দিন ক্যারিয়ারের ৯০২ নম্বর গোল করেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। অবশ্য তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে ভক্ত-অনুরাগীরা পেয়েছেন বিশ্বকাপ নিয়ে ইতিবাচক বার্তা।
মেসির বিশ্ব আসরে খেলার আলোচনা যখন তুঙ্গে, সে সময় একটি বিজ্ঞাপন আর্জেন্টাইন সুপারস্টারকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ডেনিশ খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেগো সেই বিজ্ঞাপনে দেখিয়েছে একটি ঘূর্ণায়মান টেবিলে রাখা বিশ্ব শিরোপা ঘিরে বসে আছেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
সেই ট্রফিটা এই চার তারকার ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। এক বাচ্চা ছেলে সেটি হস্তগত করেছে। এমন একটি বিজ্ঞাপন প্রকাশ হয়েছে অথচ মেসি আদৌ বিশ্বকাপে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।
মেসিকে নিয়ে ধোঁয়াশা, যা বলছেন স্কালোনি
আর্জেন্টিনার সর্বশেষ দুটি প্রীতি ম্যাচের পর অধিনায়ক লিও ছিলেন নিরব। তবে জাম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,‘সবসময় আর্জেন্টিনা।’ সঙ্গে দিয়েছেন জাতীয় পতাকার ইমোজি। এতেই ভক্তকূল মনে করছেন, সব জল্পনা কাটিয়ে আর্জেন্টাইনদের বিশ্বসেরার ট্রফি ধরে রাখার মিশনে আগামী জুনে জাতীয় দলের জার্সি গায়ে নামবেন এই সুপারস্টার।
মেসির বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে কোচ স্কালোনি বলেছেন,‘এটা বিশেষ সৌভাগ্যের ব্যাপার হবে যদি সে খেলার সিদ্ধান্ত নেয়। এটাই তার শেষ বিশ্বকাপ খেলা হবে। সবাই চায় তাকে দেখতে এবং উপভোগ করতে। যাতে দলের পূর্ণ সমর্থন সে পায়, সে জন্য আমি অবশ্যই সম্ভাব্য সবকিছু করব।’
মেসি যদি আসন্ন বিশ্বকাপ মঞ্চে নামেন সেটি হবে তার ষষ্ঠ আসর। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেলে সবশেষ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরা দিয়েছে তাকে।
স্কালোনি আরও বলেছেন,‘তিনি যদি আসার সিদ্ধান্ত নেন, তবে সে সময় আমরা একসঙ্গে বসে আলোচনা করব। কারণ, আমরা যা চাই, তিনিও ঠিক সেটাই চান। তিনি যদি আসেন, তবে তিনি সবসময় সেখানে থাকতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন।’
এখন ৯০২ গোল মেসির নামের পাশে। স্কালোনি আরও বড় কিছুর বিশ্বাস নিয়ে বলেছেন,‘সে ১০০০ গোলে পৌঁছুতে সক্ষম। অবশ্য আমাদের দেখতে হবে কতদিন সে খেলা চালিয়ে যায়। এর সঙ্গে ফিটনেসের ব্যাপারটাও বড়।’
