আজ সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। দেশের ত্রয়োদশ এই জাতীয় নির্বাচনে ক্রিকেটাররাও ভোট প্রদান করেছেন। অনেকে এইবারই প্রথম দিয়েছেন ভোট। তারকা ক্রিকেটাররা ভোট দিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
মোহাম্মদপুরেই বসবাস করেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সেখানেই জীবনের প্রথম ভোট দিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তাসকিন বলেন,‘সচেতন নাগরিক হিসেবে আমারও উচিত ভোট দেওয়া, যেই নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আমাদের দেশের উন্নয়ন করবে।’
নিজ এলাকা চট্টগ্রাম থেকে ভোটে অংশ নিয়েছেন তামিম ইকবাল। এদিন চট্টগ্রাম ৯ আসনে ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। সেখানের ৬৬ নম্বর কেন্দ্র, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিচ তলায় নিজের ভোট দিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম শহরের কাজির দেউরির শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে অবস্থিত এই ভোট কেন্দ্র।
ভোটদানের পর নিজের ফেসবুক পেজে তামিম পোস্ট দেন,‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’
প্রথমবার ভোট দিয়েছেন যারা
অনেক ক্রিকেটারই প্রথমবার ভোট দিয়েছেন। নিজ এলাকা দৌলতপুরে নুরুল হাসান সোহান ও রংপুরে নিজ এলাকায় প্রথমবার যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও দিয়েছেন ভোট। নিজ এলাকা ফেনী থেকে ভোট দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এরপর নিজের ফেসবুক পোস্টে সাইফউদ্দিন লিখেছেন,’অবশেষে ভোট দিলাম—যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত—এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।’
এদিকে অদম্য কাপে খেলা মাহমুদুল হাসান জয়ও দিয়েছেন নিজের প্রথম ভোট। যদিও সবশেষ ফাইনাল ম্যাচে তিনি নিজে খেলেননি। পরে জানা যায় ইনজুরির কারণে ছিটকে যান জয়। এরপর আজ হাতে ব্যান্ডেজ নিয়েই ভোট দিয়েছেন। তাকে দেখা গেছে হাত স্লিংয়ে ঝোলানো অবস্থায়।
নারী ক্রিকেটাররাও ভোট দিয়েছেন যার যার এলাকায়। এর মধ্যে প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও। নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও।
