আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন আমিনুল

আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন আমিনুল

আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন আমিনুল, ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্তের জন্য গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এমন কথা জানান তিনি।

আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। কারণ, বিষয়গুলো নিয়ে স্বচ্ছতার প্রয়োজন আছে ক্রিকেট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সর্বশেষ বিসিবি নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আছে অনেক বিতর্ক। এমনকি নির্বাচিত পরিচালনা পর্ষদেরও ইতোমধ্যে সাত জন পদত্যাগ করেছেন।

যদিও পদত্যাগের পাঁচটি ঘটনা মাত্র দুদিনের। তদন্ত কমিটি গঠনের বেশ আগেই দুই পরিচালক পদত্যাগ করেছিলেন। গত মাসে বিসিবি নির্বাচনের অনিয়ম কিংবা দুর্নীতি খতিয়ে দেখা কিংবা বোর্ডের নানা বিষয়ে জানতে কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

কমিটির সদস্যরা একে একে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মুখোমুখি হন তদন্ত কমিটির। যদিও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই কমিটির মুখোমুখি হননি। এরপরও রবিবার এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

আইসিসিকে জানিয়ে সিদ্ধান্ত

পরে বিকেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। সেখানে তিনি বলেন,‘দেখুন-ইতোমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।’

তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ছবি : সংগৃহীত

সাবেক ক্রীড়া উপদেষ্টা তদন্ত সদস্যেদের সঙ্গে কথা বলেননি। এ নিয়ে আমিনুল বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সুতরাং তিনি যে অংশগ্রহণ করেননি, নিশ্চয় সেই প্রতিবেদনের ভেতরে তা রয়েছে। আমরা সেটি যাচাই-বাচাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটা আমিও দেখেছি। আমরা আইসিসির সঙ্গে কথা বলে তারপর পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।’

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমরা চিঠি লিখেছিলাম। উনাকে অভিযুক্ত করার জন্য নয়, বরং বক্তব্য শোনা এবং উনি কিছু বলতে চান কি না তা জানার জন্য। আমরা উনাকে সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছি, কিন্তু উনি আমাদের কাছে আসেননি।’

গত ১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিলো।

Exit mobile version