আমিনুলকে হারিয়ে জয় পেলেন জামায়াতের প্রার্থী

ছবিতে বাম দিক থেকে আঃ বাতেন ও মোঃ আমিনুল হক

ছবিতে বাম দিক থেকে আঃ বাতেন ও মোঃ আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে হেরে গেছেন বিএনপি’র হেভিওয়েট প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক। ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে আমিনুল হেরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী কর্নেল আঃ বাতেন (অবঃ) এর বিপক্ষে। আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।

আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ঢাকা-১৬ আসনের ফল ঘোষণা করেন।

ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড এবং পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৬ আসনে পোস্টাল ভোটসহ ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ভোটের হার ছিল ৪৬ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৬ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি। সে হিসেবে বৈধ ভোট ছিল ১ লাখ ৮০ হাজার ৭৯৯টি।

এ আসনে মোট প্রার্থী ছিলেন ১১ জন। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. সাইফুল ইসলাম হাত পাখা প্রতীকে ৩ হাজার ৬৭৯ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম ১ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Exit mobile version