দিল্লি শুভ সূচনা করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লক্ষ্ণৌকে হারিয়ে। আজ লক্ষ্ণৌয়ের মাঠে ছয় উইকেটে জিতেছে তারা। আগে ব্যাট করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১৮.৪ ওভারে গুটিয়ে যায় ১৪১ রানে। জবাবে ১৭.১ ওভারে চার উইকেটে ১৪৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস।
দিল্লি শুভ সূচনা করল মূলত ব্যাট-বলের যুগপৎ দারুণ নৈপুণ্যে। এর পেছনে বড় ভূমিকা ছিল বল হাতে লুঙ্গি এনগিডি ও নটরাজনের দুর্দান্ত পারফরম্যান্স এবং ব্যাট হাতে সামির রিজভীর ৪৭ বলে ৭০ রানের হার না মানা ঝড়ো ইনিংসের। উভয় ক্ষেত্রে ব্যর্থতা দেখিয়েছে লক্ষ্ণৌ। তাই পরাজয়ে শুরু হয়েছে তাদের আইপিএল অভিযান।
টস হেরে ব্যাটিংয়ে নামে লক্ষ্ণৌ। খুব বড় জুটি গড়তে পারেনি তারা প্রথম থেকেই। ৭১ রানেই ৫টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ভালো খেলতে থাকা মিচেল মার্শও ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৫ রানে আউট হয়ে যান।
এরপর আব্দুল সামাদ একাই কিছুটা লড়েছেন। বাকিরা দিল্লির বোলারদের দাপটে ব্যাটিংয়ে নেমে কোনঠাসা ছিলেন। ২৫ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৩৬ রানে সামাদ বিদায় নেওয়ার পর বেশিদূর যায়নি লক্ষ্ণৌয়ের ইনিংস।
আট বল বাকি থাকতেই ১৪১ রানে থামে তাদের ইনিংস। এনগিডি ২৭ রানে ও নটরাজন ২৯ রানে ৩টি করে উইকেট নেন। কুলদীপ যাদব নেন দুই উইকেট।
দিল্লি শুভ সূচনা করল
জবাব দিতে নেমে দিল্লি শুরুতেই বিপর্যয়ে পড়েছে। মাত্র ২৬ রানেই ৪টি উইকেটে হারিয়ে চরম বিপাকে পড়ে তারা। সেখান থেকে আর লক্ষ্ণৌ বোলারদের কোনো সুযোগই দেননি সামির রিজভী।
রিজভী ও ত্রিস্তান স্টাবস দিল্লিকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অবিচ্ছিন্ন থেকে পঞ্চম উইকেটে ১১৯ রান যোগ করে। রিজভী ৪৭ বলে ৫টি চার ও ৪টি ছয়ে ৭০ এবং স্টাবস ৩২ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৩৯ রানে অপরাজিত থাকেন।
১৭ বল হাতে রেখেই চার উইকেটে ১৪৫ রান তুলে সহজ জয় পায় দিল্লি। প্রিন্স যাদব তিন ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। মহসিন খান চার ওভারে একটি মেডেন দিয়ে ১৯ রানে ও মোহাম্মদ শামি ২৮ রানে একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ১৪১/১০; ১৮.৪ ওভার (সামাদ ৩৬, মার্শ ৩৫, শাহবাজ ১৫*; এনগিডি ৩/৩৭. নটরাজন ৩/২৯, কুলদীপ ২/৩১)।
দিল্লি ক্যাপিটালস- ১৪৫/৪; ১৭.১ ওভার (রিজভী ৭০*, স্টাবস ৩৯*, নীতিশ ১৫; প্রিন্স ২/২০, মহসিন ১/১৯, শামি ১/২৮)।
ফল : দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সামির রিজভী।
