জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর হার

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর হার

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর হার, ছবি : সংগৃহীত

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জাতীয় দলের সব ক্রিকেটার নিয়ে গড়া হয়েছে ধূমকেতু একাদশ। সেই দলটিকে হারিয়ে দিয়েছে দুর্বার একাদশ। আজ মিরপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্বার ২ উইকেটে হারিয়ে দেয় ধূমকেতুকে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ধূমকেতু প্রথম থেকেই বড় জুটি গড়তে পারেনি। দ্বিতীয় উইকেটে ৩৬, তৃতীয় উইকেটে ৩৩ ও পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি হয়েছে। এই জুটিগুলোর পেছনে অবদান ওপেনার সাইফ হাসান, লিটন দাস ও শেখ মেহেদি হাসানের।

লিটন-সাইফ ৩৬ রানের জুটি, ছবি : সংগৃহীত

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ধূমকেতু। লিটন ৩৭ বল ৫ চারে সর্বোচ্চ ৪৩, শেখ মেহেদি ২৭ বলে ২ ছক্কায় অপরাজিত ৩১ ও সাইফ ২০ বলে ২ চার, ২ ছয়ে ২৮ রান করেন। দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তানভির ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাবে মাত্র ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দুর্বার। এরপর জাকের আলিকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান। মূলত তার একক লড়াইয়েই শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ৩ বল বাকি থাকতে জিতে যায় দুর্বার।

এক পর্যায়ে ১২২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে দুর্বার। সোহানকে বেশ ভালা সঙ্গ দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে ৩ চারে ১৯ রানে বিদায় নেন। ভেঙে যায় ৪১ রানের জুটি।

আর নুরুল হাসান হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় থেকে মাত্র ৪ রান দূরে রেখে রান আউট হয়ে যান। তিনি মাত্র ৪৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৬ রান করেন। ২০তম ওভারের দ্বিতীয় বলে সোহান আউট হওয়ার পর মুরাদ নেমেই বাউন্ডারি হাঁকিয়ে দুর্বারকে জয় এনে দেন।

১৯.৩ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে জয় পায় দুর্বার। ধূমকেতুর হয়ে শেখ মেহেদি দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে ১ মেডেনে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ধূমকেতু- ১৫৬/৮; ২০ ওভার (লিটন ৪৩, শেখ মেহেদি ৩১*, সাইফ ২৮; মুরাদ ২/৩৫, তানভির ২/৩৫)।

দুর্বার- ১৫৭/৮; ১৯.৩ ওভার (সোহান ৭৬, সাইফউদ্দিন ১৯, হাবিবুর ১৭; শেখ মেহেদি ৪/১১)।

ফল : দুর্বার একাদশ ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নুরুল হাসান সোহান।

Exit mobile version