অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়েছে ধূমকেতু একাদশ। মিরপুরে আজ লিটন দাস ও সাইফ হাসানের অর্ধশতকে এই সহজ জয় পায় ধূমকেতু।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল। সে কারণে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে তিন দল নিয়ে আজ শুরু হয়েছে এই টি-২০ টুর্নামেন্ট। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দুরন্ত।
আকবর আলির নেতৃত্বে তারুণ্য নির্ভর দুরন্ত একাদশ দেশসেরা বোলারদের দাপটে ১৯.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায়। ধূমকেতু একাদশ গড়া হয়েছে মূলত জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দাপটে বড় কোনো জুটি গড়তে পারেনি দুরন্ত।
ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৬ বলে ৬ চারে সর্বোচ্চ ৩৯ করলেও রান আউট হন তিনি। আকবর ১০ বলে ১ চার, ১ ছয়ে ১৮ রান করেন। রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি এবং শরিফুল ও তানজিম ২টি করে উইকেট নেন।
জবাবে ধূমকেতুর হয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তানজিদ হাসান তামিম ৮ বলে ৩ চারে ১৭ করে বিদায় নেন। উড়ন্ত এই সূচনাকে কাজে লাগিয়ে সাইফ ও লিটন ৭৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। মাত্র ৫৩ বলের এই জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু।
সাইফ-লিটন হাফ সেঞ্চুরি করেন। ৩০ বলে ৪ চার, ৩ ছক্কায় ৫০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন লিটন। তিনি ৪৩ বলে ১০ চারে ৬৫ রানে অপরাজিত থাকেন।
পারভেজ হোসেন ইমন (৬) ও তাওহিদ হৃদয় (২) দ্রুত ফিরে গেলেও ১৬.১ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান তুলে সহজ জয় পায় ধূমকেতু। অফস্পিন অলরাউন্ডার এসএম মেহেরব ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দুরন্ত- ১৪৩/১০; ১৯.৫ ওভার (মাহফিজুল ৩৯, আকবর ১৮, আজিজুল ১৬; রিশাদ ৩/২১, শরিফুল ২/৩০, তানজিম ২/৩৭)।
ধূমকেতু- ১৪৬/৪; ১৬.১ ওভার (লিটন ৬৫*, সাইফ ৫০, তানজিদ ১৭; মেহেরব ৩/২৩)।
ফল : ধূমকেতু ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লিটন দাস।
