দিলারার ব্যাটে ঝড় , নেদারল্যান্ডসকে ১৩ রানে হারালো বাংলাদেশ

দিলারার ব্যাটে ঝড় , নেদারল্যান্ডসকে ১৩ রানে হারালো বাংলাদেশ

দিলারার ব্যাটে ঝড় , নেদারল্যান্ডসকে ১৩ রানে হারালো বাংলাদেশ । বৃষ্টির কারণে ছোট হয়ে যাওয়া ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখালেন দিলারা আক্তার। নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশের এই ওপেনার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি। মাত্র ২২ বলে অর্ধশতক পূরণ করে তিনি গড়লেন বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। দিলারার ঝোড়ো ইনিংসেই শেষ পর্যন্ত জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল।

বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৮ ওভারে। সংক্ষিপ্ত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথ বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম পাঁচ ওভারেই স্কোরবোর্ডে ৭৪ রান তুলে নেয় টাইগ্রেসরা। সেই দ্রুতগতির রান তোলার মূল কারিগর ছিলেন দিলারা আক্তার। নেদারল্যান্ডসের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে তিনি ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এই ইনিংস খেলার পথে ২২ বলেই নিজের প্রথম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন দিলারা। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন বাংলাদেশের নারী দলের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির আগের রেকর্ড। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ২৮ বলে অর্ধশতক করেছিলেন রোমানা আক্তার। প্রায় ২৪১৩ দিন ধরে সেই রেকর্ড অক্ষত ছিল, যা এবার নিজের নামে লিখে নিলেন দিলারা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। শুরুতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে কিছুটা চাপে পড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে টাইগ্রেসরা। দিলারার রেকর্ডগড়া ব্যাটিং সেই প্রত্যাবর্তনকে আরও শক্তিশালী করল।

নির্ধারিত ৮ ওভারে বাংলাদেশ তোলে ৯৮ রান। জবাবে নেদারল্যান্ডস ৮৫ রানে থেমে গেলে ১৩ রানের জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। আর দিলারার ব্যাটে আসা এই ঝড় বাংলাদেশের ব্যাটিং ইউনিটের জন্যও বড় স্বস্তির খবর হয়ে থাকল।

এই জয়ের ফলে ক্রিদেশীয় সিরিজে নিজেদের চার ম্যাচের দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে সিরিজ শেষ করলো বাংলাদেশের মেয়েরা। ৪ ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। ার মাত্র এক ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিরিজ শেষ করেছে নেদারল্যান্ডস।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ- ৯৮-৩ (৮)

নেদারল্যান্ডস- ৮৫-৫ (৮)

Exit mobile version