বিসিবিতে দায়িত্ব বন্টন করলেন তামিম

বিসিবিতে দায়িত্ব বন্টন করলেন তামিম

বিসিবিতে দায়িত্ব বন্টন করলেন তামিম, ছবি : সংগৃহীত

বিসিবিতে দায়িত্ব বন্টন করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম আজ এক সভার মাধ্যমে ১১ সদস্যের মধ্যে বিভিন্ন কমিটির দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া বিসিবির মুখপাত্রের দায়িত্বে থাকছেন না তানজিল চৌধুরি। তিনি নিজেই থাকতে চান না।

আজ বিসিবিতে দায়িত্ব বন্টন করা হয়েছে। সবশেষ বিসিবির নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ায় মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর নবগঠিত অ্যাডহক কমিটিতে থাকা সদস্যদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার অ্যাডহক কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন বিসিবির মুখপাত্রের ভূমিকায় থাকবেন তানজিল। কিন্তু বুধবার দ্বিতীয় সভা শেষে জানা গেল তানজিল চৌধুরি এই দায়িত্বে থাকছেন না।

বিসিবির বিভিন্ন কমিটি গঠন, ছবি : সংগৃহীত

এ বিষয়ে তামিম বলেন,’গতকাল একটা কথা বলেছিলাম যে আমাদের মধ্যে একজন মুখপাত্র হবেন। উনি (তানজিল চৌধুরী) আজকে মিটিং শেষে আমাকে অনুরোধ করেছেন, যেহেতু উনি বেশ ব্যস্ত মানুষ, উনার জায়গায় অন্য কাউকে নিয়োগ করা হয় তাহলে ভালো হয়। পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে স্পোকসপারসন কে হবেন।’

বিসিবিতে দায়িত্ব বন্টন

বেশ কিছু কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তবে প্রকাশিত হয়নি মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম। জানা গেছে যিনি স্পোকসপারসন হবেন তিনিই দায়িত্ব সামলাবেন মিডিয়া কমিটির। দ্রুতই জানা যাবে মিডিয়া কমিটির চেয়ারম্যানের নাম।

সভা শেষে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব সামলাবেন বোর্ডের সবাই মিলে। অর্থাৎ এ বিভাগের দায়িত্ব নির্দিষ্ট কাউকে না দিয়ে উন্মুক্ত রেখেছেন তামিম।

এ ছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।

বিসিবির ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব নিয়েছেন তামিম নিজেই। আতহার আলি খান পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। অন্যদিকে ফিন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু।

বিভিন্ন কমিটি

  • তামিম ইকবাল ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
  • ফাহিম সিনহা– গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
  • রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস
  • তানজিল চৌধুরী বয়সভিত্তিক বিভাগ
  • সালমান ইস্পাহানী মার্কেটিং এবং ডিসিপ্লিন
  • রাশনা ইমাম– উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
  • ইসরাফিল খসরু– ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
  • সায়েদ ইব্রাহিম আহমেদ– সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
  • মিনহাজুল আবেদীন নান্নু টুর্নামেন্ট কমিটি
  • মির্জা ইয়াসির– লজিস্টিকস
  • আতহার আলী খান- আম্পায়ার্স কমিটি
Exit mobile version