আগামী ২০২৮ অলিস্পিকে খেলতে চান ৪১ বছরের জোকোভিচ! লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে চান ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সম্প্রতি মিলান-কোর্টিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।
এ বিষয়ে জোকোভিচ বলেন,‘এখনও অনেকটা সময় বাকি, এটা সত্যি। আমার জীবনের এবং ক্যারিয়ারের এই পর্যায়ে ২০২৮ অনেক দূরে মনে হতে পারে, কিন্তু সেখানে পৌঁছানোর প্রবল ইচ্ছা আমার আছে।’
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস নিয়ে কিছুটা সমস্যায় পড়লেও কোর্টে ধার কমেনি জোকোভিচের। গত সপ্তাহেই শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তিনি জ্যানিক সিনারের মতো তরুণ তুর্কিকে হারিয়ে ফাইনালে ওঠেন। তবে ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান তিনি।
আগামী অলিম্পিক পর্যন্ত নিজেকে ফিট রাখতে জোকোভিচ তার খেলার সূচি কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। তিনি হয়তো বছরে মাত্র কয়েকটি নির্দিষ্ট টুর্নামেন্ট খেলবেন, যাতে বড় ইভেন্টগুলোতে নিজের সেরাটা দিতে পারেন।
