রোলাঁ গারোসে ২৫তম গ্র্যান্ড স্ল্যামের মিশন শুরু জকোভিচের । ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার লক্ষ্যে এবার ফ্রেঞ্চ ওপেন দিয়ে নতুন মিশন শুরু করছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ। প্যারিসের বিখ্যাত রোলাঁ গারোসে ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় বাছাই হিসেবে খেলবেন তিনি।
প্রথম রাউন্ডেই জকোভিচকে খেলতে হবে কঠিন এক ম্যাচ। তার প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্সের উদীয়মান তারকা জিওভানি এমপেটশি পেরিকার্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে, ফিলিপ-শ্যাট্রিয়ার কোর্টের নাইট সেশনে। শুরুতেই এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ঘিরে টেনিসপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।
এবারের ফ্রেঞ্চ ওপেনে কোর্টে নামার সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস গড়বেন জকোভিচ। এটি হবে তার ক্যারিয়ারের ৮২তম গ্র্যান্ড স্ল্যাম অংশগ্রহণ। এর মাধ্যমে পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামে খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেবেন এই সার্বিয়ান কিংবদন্তি। এতদিন ৮১টি গ্র্যান্ড স্ল্যাম খেলে রজার ফেদেরার ও ফেলিসিয়ানো লোপেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার কারণে চলতি মৌসুমে খুব বেশি ম্যাচ খেলা হয়নি জকোভিচের। ওয়েলসের পর মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। ফলে কোনো ক্লে-কোর্ট ম্যাচ না জিতেই এবার প্যারিসে এসেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে বড় মঞ্চে তার অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা এখনও তাকে অন্যতম শিরোপাপ্রত্যাশী করে রেখেছে।
এদিকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের লক্ষ্য নিয়ে খেলতে নামছেন ইতালিয়ান এই তারকা। তবে ড্র অনুযায়ী ফাইনালের আগে জকোভিচ ও সিনারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
সবমিলিয়ে, ফ্রেঞ্চ ওপেনে এবার শুধু শিরোপা নয়, নতুন ইতিহাস গড়ার দিকেও তাকিয়ে আছেন নোভাক জকোভিচ।
