৫২ বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো। দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে সুযোগ পেল ডিআর কঙ্গো। দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার ইতি টেনে বিশ্বকাপে ডিআর কঙ্গো। বিশ্বকাপ বাছাইয়ে আক্রমণে আধিপত্য করেও নির্ধারিত সময়ে সাফল্য পেল না ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। অনেক চেষ্টার পর অতিরিক্ত সময়ে তারা ভাঙতে পারল ডেডলক।
এদিন জ্যামাইকাকে হারিয়ে পাঁচ দশকেরও বেশি সময় বিশ্বকাপের মূল মঞ্চে ফিরল মধ্য আফ্রিকার দেশটি। মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ডিআর কঙ্গো।
১০০তম মিনিটে গোলটি করেন বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসা টোয়ানজেবির সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার। দেশটির বয়সভিত্তিক দলের হয়ে খেলেনও তিনি। তবে জাতীয় দলে খেলার জন্য পরে বেছে নেন জন্মভূমিকে। তার কাঁধে চড়েই এবার বিশ্বকাপে ফিরল দেশটি।
এবার দিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে ডিআর কঙ্গোকে। প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল ১৯৭৪ আসরে, সেই সময় অবশ্য দেশটির নাম ছিল জাইরে।
বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল:
গ্রুপ ‘এ’ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’ : কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ ‘ই’ : জার্মানি, কুরাসাও, কোত দি ভোয়া, একুয়েডর
গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ড, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জিল্যান্ড
গ্রুপ ‘এইচ’ : স্পেন, কেপ ভার্দ, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ ‘আই’ : ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’ : পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ ‘এল’ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।
