ডাক মেরে লজ্জার রেকর্ড তালিকায় যারা। চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। দল জিতলেও এদিন রানের খাতা খুলতে পারেননি তারকা ব্যাটার জস বাটলার। এতে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন এই ক্রিকেটার।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই হাসছে না বাটলারের ব্যাট৷ তবে এরই মাঝে অবশ্য ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে মাত্র ৬২ রান করেছেন বাটলার।
নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাটলার। কিউই পেসার লকি ফার্গুসনের বলে টিম সেইফার্টের হাতে ধরা পড়েন এই ইংলিশ ওপেনার। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দশমবারের মতো শূন্য রানে আউট হলেন তিনি।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড গড়েছেন বাটলার। পেছনে ফেলেছেন লুক রাইট ও মঈন আলীকে। তারা দুইজনেই ৯টি করে ডাক মেরেছেন। তাদের পেছনে আছেন জেসন রয়। তার ডাকের সংখ্যা ৭টি। শীর্ষ পাঁচের শেষ নামটি ফিল সল্টের।
বাটলার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার দিনে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসদের হয়ে ৩৯ রান করেন গ্লেন ফিলিপস, ৩৫ রান আসে টিম সেইফার্টের ব্যাট থেকে। রান তাড়ায় টম ব্যান্টন, উইল জ্যাকস ও রেহান আহমেদের ব্যাটে ভর করে শেষ ওভারে জয় পায় ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ ডাক :
জস বাটলার–১০
লুক রাইট–৯
মঈন আলী–৯
জেসন রয়–৭
ফিল সল্ট–৬
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











