ক্রিকেটারদের ঈদ উদযাপনের নানা রূপ

ক্রিকেটারদের ঈদ উদযাপনের নানা রূপ

ক্রিকেটারদের ঈদ উদযাপনের নানা রূপ, ছবি : সংগৃহীত

আজ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। ক্রিকেটারদের ঈদ উদযাপনের নানা রূপ দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের ঈদ কেটেছে মূলত নিজ নিজ পরিবারের সঙ্গে। তবে এর ব্যতিক্রমও আছে।

এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। যথারীতি ইসলাম ধর্মাবলম্বীসহ সবার জন্য এই ঈদ ব্যাপক আনন্দ ও ‍উৎসবের ‍উপলক্ষ্য নিয়ে এসেছে। দেশের ক্রিকেটাররাও এই দিনটি পালন করছেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। ঈদের ছুটি কাটাতে এই মুহূর্তে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

আমেরিকায় সাকিবের সঙ্গে আল-আমিনের ঈদ, ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের ঈদ

অবশ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান রয়েছেন আমেরিকাতে, সেখানে পরিবারের সঙ্গে ঈদ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক জাতীয় ক্রিকেটার আল আমিন হোসেনকেও দেখা গেছে সাকিবের সঙ্গে। 

অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বরাবরের মতো ঈদ পালন করছেন তার নিজ শহর বগুড়ায়। ছেলেসহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঈদগাহে ছবিও দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদও ঈদ করেছেন পরিবারের সঙ্গে। জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদের সময়টা উপভোগ করছেন রাজশাহীতে।

মেহেদী হাসান মিরাজ পবিত্র মক্কায় গিয়েছিলেন হজ পালন করতে। সেখানেই ঈদ করেছেন তিনি। হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলামরা নিজ নিজ গ্রামেই ঈদ পালন করেছেন। এ ছাড়া তাসকিন আহমেদ ঢাকাতে ঈদ উদযাপন করেছেন। বাবা ছেলেকে নিয়ে ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি একই ধরণের পাঞ্জাবি-পাজামা পরিধান করে।

মিরাজ ঈদ করেছেন মক্কায়, ছবি : সংগৃহীত

সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঢাকায় ঈদ উদযাপন করেছেন এবার। মাহমুদউল্লাহ রিয়াদ অবস্থান করছেন ময়মনসিংহে। কিছুদিন আগে মাকে হারিয়ে অলরাউন্ডার শেখ মেহেদি হাসান নিজ শহর খুলনায় ঈদ করেছেন কিছুটা বিষাদ নিয়েই। ফেসবুকে তিনি যা লিখেছেন তার সারকথা হচ্ছে,‘পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না। মা থাকলে ঈদ আরো ১০০০ গুণ বেশি আনন্দ বেড়ে যায়।’

পরিবারের সঙ্গে মুশফিক, ছবি : সংগৃহীত

এবার ঈদের কিছুদিন পরই মাঠে ফিরতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। নিউজিল্যান্ড ক্রিকেট দল আসবে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে। উভয় ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। কিন্তু এর কিছুদিন পরই টেস্ট সিরিজও আছে বাংলাদেশের। তাই ব্যস্ত সূচি নিয়ে মুশফিক বলেছেন,‘সামনে অনেক খেলা আছে, আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

Exit mobile version