টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের , ছবি: সংগৃহীত

আইসিসি টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের । ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড বোর্ড (ইসিবি)। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা গতিদানব জফরা আর্চারকে দলে রাখা হলেও বাদ পড়েছেন উদীয়মান ব্যাটার জেমি স্মিথ।

একই সঙ্গে শ্রীলঙ্কা সফরের জন্য সাদা বলের দলও ঘোষণা করেছে ইসিবি। সেই দলে আছে বড় চমক। অ্যাশেজ চলাকালীন বাম পাশের পেশির টানে ছিটকে যাওয়া জফরা আর্চারকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড। বর্তমানে বার্বাডোসে পুনর্বাসনে থাকা এই পেসার শ্রীলঙ্কা সফরে না থাকলেও সরাসরি বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক না হওয়া জশ টাং-কে দলে নিয়ে বড় চমক দিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ভারত ও শ্রীলঙ্কার ফ্ল্যাট পিচে টাং-এর গতি ও বাউন্স কার্যকর হবে বলে বিশ্বাস নির্বাচকদের। সদ্য সমাপ্ত অ্যাশেজেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই তরুণ তুর্কি। ব্যাটিং অর্ডারের শীর্ষে থিতু হতে না পারায় দল থেকে ছিটকে গেছেন জেমি স্মিথ।

এছাড়া জর্ডান কক্স এবং চোটাক্রান্ত সাকিব মাহমুদকেও রাখা হয়নি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দলে। তবে নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার উইল জ্যাকস এবং ওপেনার বেন ডাকেট দলে ফিরেছেন। টেস্টের পাশাপাশি সাদা বলের ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রেন্ডন ম্যাককালামের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।

তার অধীনে ১৫টি ওয়ানডের মধ্যে ১১টিতেই হেরেছে ইংল্যান্ড। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাককালামের জন্য বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

বিশ্বকাপ অভিযান

আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ১৬ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ইংল্যান্ডের শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধুমাত্র বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংল্যান্ড স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।

Exit mobile version