বিশ্বকাপে প্রথমবার ইউরোপিয়ান দলকে হারাল ইংল্যান্ড

বিশ্বকাপে প্রথমবার ইউরোপিয়ান দলকে হারাল ইংল্যান্ড

বিশ্বকাপে প্রথমবার ইউরোপিয়ান দলকে হারাল ইংল্যান্ড, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে ইংল্যান্ড জিততে পারেনি। এর মধ্যে নেদারল্যান্ডসের কাছে দুইবার হেরেছে, আয়ারল্যান্ডের কাছে হেরেছে একবার। এছাড়া আইরিশদের বিপক্ষে ও স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেই খরা ঘুচিয়েছে ইংল্যান্ড।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ড ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায়। পরে টম ব্যান্টনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে স্বস্তির জয় পায় ইংল্যান্ড।

স্কটিশরা টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ততোক্ষণে পাওয়ার প্লে’র ৬ ওভারও শেষ হয়ে গেছে। মাইকেল জোন্স ঝড়ো ব্যাটিংয়ে ২০ বলে ৫ চার, ১ ছয়ে ৩৩ রান করে স্যাম কারানের বলে সাজঘরে ফেরেন।

স্কটিশ অধিনায়ক বেরিংটন সর্বোচ্চ ৪৯ রান করেন, ছবি : সংগৃহীত

চতুর্থ উইকেটে অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস ৭১ রানের দুর্দান্ত জুটি গড়েন। কিন্তু ব্রুস ১৮ বলে ১ চার, ১ ছয়ে ২৪ রানে আউট হওয়ার কিছুক্ষণ পর বেরিংটনও ৩২ বলে ৫ চার, ২ ছক্কায় ৪৯ রানে আদিল রশিদের লেগস্পিনে এলবিডব্লিউ হয়ে যান।

শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতই স্কটল্যান্ডের ইনিংস থামে ১৫২ রানে। অলিভার ডেভিডসন ১৫ বলে ২ চার, ১ ছয়ে ২০ রানে অপরাজিত থাকেন। চার ওভার বোলিং করে আদিল ৩৬ রানে ৩টি এবং জোফরা আর্চার ২৪ রানে ও লিয়াম ডসন ৩৪ রানে ২টি করে উইকেট নেন।

শুরুর ধাক্কা কাটিয়ে জয়ের নায়ক ব্যান্টন

১৫৩ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড ১৩ রানেই দুই উইকেট খুইয়ে ধাক্কা খায়। তবে তৃতীয় উইকেটে জ্যাকব বেথেল ও ব্যান্টন ৬৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে গেছেন। ২৮ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রানে বেথেল বিদায় নিলেও ব্যান্টন অর্ধশতক হাঁকিয়ে শেষ পর্যন্ত ছিলেন।

ব্যান্টন হার না মানা অর্ধশতকে ইংল্যান্ডকে জিতিয়েছেন, ছবি : সংগৃহীত

১৮.২ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১৫৫ রান করে জয় ছিনিয়ে নেয়। ব্যান্টন ৪১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া স্যাম কারান ২০ বলে একটি চার ও দুটি ছয়ে ২৮ রান করেন। স্কটল্যান্ডের পাঁচ বোলার একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড- ১৫২/১০; ১৯.৪ ওভার (বেরিংটন ৪৯, জোন্স ৩৩, ব্রুস ২৪, ডেভিডসন ২০*; আদিল ৩/৩৬, আর্চার ২/২৪, ডসন ২/৩৪)।

ইংল্যান্ড- ১৫৫/৫; ১৮.২ ওভার (ব্যান্টন ৬৩*, বেথেল ৩২, কারান ২৮; ডেভিডসন ১/১২, কুরি ১/২১)।

ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : টম ব্যান্টন।

Exit mobile version