সেমিফাইনালে ইংল্যান্ড- সমীকরণের মারপ্যাঁচে পাকিস্তান

সেমিফাইনালে ইংল্যান্ড- সমীকরণের মারপ্যাঁচে পাকিস্তান

সেমিফাইনালে ইংল্যান্ড- সমীকরণের মারপ্যাঁচে পাকিস্তান, ছবি : সংগৃহীত

পাল্লেকেলেতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ভালোভাবে টিকে থাকার ম্যাচে আজ ইংল্যান্ডের কাছে হ্যারি ব্রুকের শতকে পাকিস্তান হেরেছে দুই উইকেটে। আর একটি ম্যাচ বাকি পাকিস্তানের। সুপার এইটে টানা দুই জয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। আর পাকিস্তানকে পড়তে হয়েছে সমীকরণের মারপ্যাঁচে।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় উভয় দল একটি করে পয়েন্ট অর্জন করেছে। তাই আজ পাকিস্তান জিতলেই শুধু সেমিতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হতো। কিন্তু এখন তাদের নিউজিল্যান্ডের একটি হার কামনা করতে হবে। কারণ, পাকিস্তানের একটি ম্যাচ বাকি শ্রীলঙ্কার বিপক্ষে সেটি জিততেই হবে তাদের। সেক্ষেত্রে নিউজিল্যান্ড আরেক ম্যাচ জিতলেও উভয় দলের পয়েন্ট হবে তিন। তখন নেট রানরেটে এগিয়ে থাকলে পাকিস্তান সেমিতে যেতে পারবে।

আর নিউজিল্যান্ড পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারলে কিছুটা সুবিধা হবে পাকিস্তানের। কারণ, মাত্র এক পয়েন্ট নিয়ে ছিটকে যাবে কিউইরা। ইতোমধ্যে একটি হার দেখা শ্রীলঙ্কার পয়েন্ট হবে দুই। তখন শেষ ম্যাচে লঙ্কানদের হারালেই সেমিতে যাবে পাকিস্তান।

সাহিবজাদার আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস, ছবি : সংগৃহীত

টস জিতে আজ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০ ওভারে তারা ৯ উইকেটে তোলে ১৬৪ রান। ২৭ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে সাহিবজাদা ফারহান-বাবর আজম ৪৬ রানের জুটি গড়েন। বাবর ২৪ বলে দুই চারে ২৫ রান করে আউট হন।

আর চতুর্থ উইকেটে সাহিবজাদা-ফখর জামান ৪৯ রানের জুটি গড়লে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে যায় পাকিস্তান। সাহিবজাদা ৪৫ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৩ রান করেন। আর ফখর ১৬ বলে দুটি করে চার-ছক্কায় করেন ২৫। পরে শাদাব খান ১১ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করেন। লিয়াম ডসন তিনটি এবং জোফরা আর্চার ও জেমি ওভারটন দুটি করে উইকেট নেন।

ব্রুকের সেঞ্চুরিতেই জয়ের ভিত ইংল্যান্ডের

জবাবে নেমে ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক হ্যারি ব্রুক প্রতিরোধ গড়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। পঞ্চম উইকেটে স্যাম কারানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। জ্যাকসের সঙ্গে ষষ্ঠ উইকেটে আরও ৫২ রান যোগ করে আউট হন সেঞ্চুরি ছুঁয়েই। ব্রুক ৫১ বলে ১০ চার ও চারটি ছক্কায় ১০০ রান করেন।

ব্রুকের শতকেই পাকিস্তানের জয় হাতছাড়া, ছবি : সংগৃহীত

তবে ছয় রানের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে তোলে পাকিস্তানের বোলাররা। জ্যাকসও ২৩ বলে একটি চার ও দুটি ছয়ে ২৮ রানে সাজঘরে ফেরেন। তবে শেষ পর্যন্ত আট উইকেট খুইয়ে ১৯.১ ওভারে ১৬৬ রান তুলে জয় পায় ইংল্যান্ড। শাহীন আফ্রিদি চার ওভারে ৩০ রানে চারটি এবং মোহাম্মদ নওয়াজ ও উসমান তারিক দুটি করে উইকেট নেন।

পাকিস্তানের বোলাররা আশা জাগিয়েছিলেন জয়ের, ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান- ১৬৪/৯; ২০ ওভার (সাহিবজাদা ৬৩, বাবর ২৫, ফখর ২৫, শাদাব ২৩; ডসন ৩/২৪, ওভারটন ২/২৬, আর্চার ২/৩২)।

ইংল্যান্ড- ১৬৬/৮; ১৯.১ ওভার (ব্রুক ১০০, জ্যাকস ২৮, কারান ১৬; শাহীন ৪/৩০, নওয়াজ ২/২৬, তারিক ২/৩১)।

ফল : ইংল্যান্ড ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : হ্যারি ব্রুক।

Exit mobile version