বেথেলের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের হার- ফাইনালে ভারত

বেথেলের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের হার- ফাইনালে ভারত

বেথেলের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের হার- ফাইনালে ভারত, ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচ। সর্বাধিক ৪৯৯ রানের সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ভারতের কাছে ৭ রানে হেরেছে ইংল্যান্ড। জ্যাকব বেথেলের সেঞ্চুরির পরও ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। এই প্রথম টি-২০ বিশ্বকাপে হবে ভারত-নিউজিল্যান্ড শিরোপা লড়াই।

সঞ্জু স্যামসনের সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। তিনিই যেন ইংলিশদের মুঠো থেকে ম্যাচটাও ছেড়ে দিয়েছেন তাতে। কারণ, ১৫ রানে জীবন পাওয়া স্যামসন পরে ৪২ বলে ৮টি চার ও ৭টি ছয়ে ৮৯ রান করেন। ফলে ২০ ওভারে সাত উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

জবাবে ৯৫ রানে চারটি উইকেট হারালেও বেথেলের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিতে জয়ের আশা তৈরি করে ইংল্যান্ড। কিন্তু বেথেল ৪৮ বলে ৮টি চার, ৭টি ছক্কায় ক্যারিয়ারসেরা ১০৫ করে রানআউট হয়ে গেলে ২০ ওভারে সাত উইকেটে ২৪৬ রান করতে পেরেছে ইংল্যান্ড।

টস হেরে স্বাগতিক ভারত ব্যাটিংয়ে নামে। দলীয় ২০ রানেই অভিষেক শর্মা বিদায় নেন। কিন্তু দ্বিতীয় উইকেটে স্যামসন-ঈশান কিষাণ ৯৭ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। অবশ্য মাত্র ১৫ রানে জোফরা আর্চারের বলে জীবন পেয়েছেন স্যামসন। তিনিই মূল সর্বনাশ করেন ইংল্যান্ডের।

কিষাণ ১৮ বলে ৪টি চার, ২টি ছক্কায় ৩৯, শিভম দুবে ২৫ বলে ১টি চার, ৪টি ছয়ে ৪৩, হার্দিক পান্ডিয়া ১২ বলে ৩টি চার, ২টি ছক্কায় ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ৩ ছক্কায় ২১ রান করে ভারতের সংগ্রহকে পাহাড়সম করেছেন। চার ওভার বোলিং করে উইল জ্যাকস ৪০ রানে ও আদিল রশিদ ৪১ রানে ২টি করে উইকেট নেন।

বেথেলের বীরত্বগাঁথা

এরপর ইংল্যান্ডের ইনিংস জুড়েই শুধু বেথেলের বীরত্ব। বিশাল লক্ষ্য তাড়ায় ৯৫ রানে ওপরের সারির চার ব্যাটার হারিয়ে ব্যাকফুটে যায় ইংলিশরা। তবে চারে নামা বেথেল ইংল্যান্ডকে কক্ষপথেই রেখেছেন। তিনি পঞ্চম উইকেটে জ্যাকসের সঙ্গে ৩৯ বলে ৭৭ রানের বিধ্বংসী জুটি গড়ার পথে ভারতীয়দের হারের চোখ রাঙানি দেখিয়েছেন।

কিন্তু জ্যাকস ২০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানে আউট হয়ে যাওয়ার পর আর জেতা সম্ভব হয়নি ইংল্যান্ডের। অর্শদীপ সিং ভারতকে এই গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন। যদিও বেথেল যেকোনো পর্যায়ের টি-২০ ম্যাচে প্রথম সেঞ্চুরি মাত্র ৪৫ বলে হাঁকিয়ে তখনও ক্রিজে। এটি বিশ্বকাপে ইংল্যান্ডর পক্ষে দ্রুততম এবং টি-২০ বিশ্বকাপের ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

শেষ ওভারে ৩০ রানের প্রয়োজন, প্রথম বলেই বেথেল ১০৫ করে রানআউট হন। এরপর আর্চার ৩টি ছক্কায় ১৯ রান করে শুধু ব্যবধান কমিয়েছেন। ৭ উইকেটে ২৪৬ রান করতে পেরেছে ইংল্যান্ড। চার ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন হার্দিক। ম্যাচে ৩৪টি ছক্কায় হয়েছে যা বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বাধিক।

দুই দল মিলিয়ে করেছে ৪৯৯ রান। এটি টি-২০ বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড। চলতি বিশ্বকাপেই ভারত-জিম্বাবুয়ে ম্যাচে ৪৪০ রান হয়, সেটি ছিল রেকর্ড। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড হয়েছে আজ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রানের বিশ্বরেকর্ড এখনও অম্লান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত- ২৫৩/৭; ২০ ওভার (স্যামসন ৮৯, দুবে ৪৩, কিষাণ ৩৯, হার্দিক ২৭; জ্যাকস ২/৪০, আদিল ২/৪১)।

ইংল্যান্ড- ২৪৬/৭; ২০ ওভার (বেথেল ১০৫, জ্যাকস ৩৫, বাটলার ২৫; হার্দিক ২/৩৮)।

ফল : ভারত ৭ রানে জয়ী।

ম্যাচসেরা : সঞ্জু স্যামসন।

Exit mobile version