বিশ্বকাপে ইংল্যান্ডকে ভয় দেখিয়ে যা বললেন নেপালের অধিনায়ক। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ফলাফল পক্ষে না এলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। ম্যাচ হারের পর তিনি বলেন, মাঠে ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং সব বিভাগেই দল শতভাগ দিয়েছে। খেলা দেখে পুরো দেশ আমাদের নিয়ে গর্ব করবে।
এছাড়া রোহিত বলেন, ‘ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু চেষ্টা ছিল শতভাগ। ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং—সব জায়গায় আমরা নিজেদের সেরাটা দিয়েছি।’
ডেথ ওভারে বোলিংয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘ডেথ ওভারে বোলিং করা কঠিন। ইয়র্কার কিংবা স্লোয়ার বাউন্সার ঠিকভাবে করা সহজ নয়। ইংল্যান্ডও সেখানে চাপে ছিল। তবে স্যাম কারেন খুব ভালো বোলিং করেছে। আমরা এখান থেকে আরও উন্নতি করব।’
জয়ের জন্য রান তাড়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নেপাল অধিনায়ক। ‘শেষ পাঁচ ওভারের জন্য আমরা হিসাব কষছিলাম। হাতে উইকেট রেখে ওভারপ্রতি ১০–১২ রান করার পরিকল্পনা ছিল। প্রথম দুই বল থেকেই বাউন্ডারির দিকে তাকিয়ে ছিলাম।’
একই সাথে তিনি বলেন,‘আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। অন্য দলগুলোও কাউকে হালকাভাবে নেবে না। আমাদের প্রতিটি ম্যাচেই শতভাগ দিতে হবে।’
