টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

টানা তিন জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড, ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সেখানে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে। আজ পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল লো-স্কোরিং। সেই ম্যাচে ১২ রানে জিতেছে ইংলিশরা।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের সব ম্যাচ ভারতে। তার আগে শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজ খেলাটা তাদের জন্য বেশ সহায়ক ভূমিকাই রাখবে। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল তারা। আজ পাল্লেকেলেতে শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।

স্যাম ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন, ছবি : সংগৃহীত

নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ৬০ রানেই ৬ ব্যাটারকে হারায় ইংল্যান্ড। পেসার দুশমন্ত চামিরার দাপটে এমন বিপর্যস্ত অবস্থায় পড়ে তারা। ওপেনার জস বাটলার ২১ বলে ২ চার, ১ ছয়ে ২৫ রান করলেও ওপরের সারির ৪ ব্যাটার দুই অঙ্কে পৌঁছুতে পারেননি।

সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি হয় মূলত স্যাম কারানের দুর্দান্ত ব্যাটিংয়ে। তিনি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ৪৮ বলে ৬ চার, ১ ছয়ে ৫৮ রান করেন। ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে করে ১২৮ রান। চামিরা ক্যারিয়ারসেরা বোলিং করে ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন।

জবাবে শ্রীলঙ্কাও শুরু থেকেই সংগ্রাম করেছে। ১ রানে প্রথম উইকেট হারালেও পরে ৩৩ রানের ভালো জুটি হয়। কিন্তু তা ধরে রাখতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। ১৮তম ওভারে ৩ উইকেট নেন জ্যাকব বেথেল।

জ্যাকসের ক্যারিয়ারসেরা বোলিং, ছবি : সংগৃহীত

শেষ ৪ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৯.৩ ওভারে গুটিয়ে যায় ১১৬ রানে। কুসল মেন্ডিস ২৬ বলে ৪ চারে ২৬ ও পাথুম নিশঙ্কা ১২ বলে ৩ ছক্কায় ২৩ রান করেন। ক্যারিয়ারসেরা বোলিং করে বেথেল ৩.৩ ওভারে ১১ রানে ৪টি ও উইল জ্যাকস ৪ ওভারে ১৪ রানে ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড- ১২৮/৯; ২০ ওভার (স্যাম ৫৮, বাটলার ২৫, ডওসন ১৪; চামিরা ৫/২৪, পাথিরানা ২/২৭)।

শ্রীলঙ্কা- ১১৬/১০; ১৯.৩ ওভার (কুসল ২৬, নিশঙ্কা ২৩, লিয়ানাগে ১৭; বেথেল ৪/১১, জ্যাকস ৩/১৪)।

ফল : ইংল্যান্ড ১২ রানে জয়ী।

ম্যাচসেরা : স্যাম কারান।

সিরিজ : ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।

সিরিজসেরা : স্যাম কারান।

Exit mobile version