ইমনদের তান্ডবে হেরে টার্নার বললেন, ‘এতেই পৃথিবী শেষ হয়ে যায়নি’। টানা দুই জয়ের পর অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হার দেখল মুলতান সুলতানস। তবে লাহোর কালান্দার্সের বিপক্ষে ২০ রানের এই পরাজয়ে খুব একটা বিচলিত নন দলটির অধিনায়ক অ্যাশটন টার্নার। লাহোরের কাছে ২০ রানে হেরেছে মুলতান
শুক্রবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টার্নার। কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনে।
এদিন লাহোর কালান্দার্সের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৫ রানের বিশাল সংগ্রহ। ইনিংস উদ্বোধন করতে নেমে দারুণ খেলেন পারভেজ হোসেন ইমন। মাত্র ১৯ বলে করেন ৪৫ রান। বাংলাদেশের এই তরুণ ব্যাটারের ব্যাট থেকে আসে দুইটি চার ও পাঁচটি ছক্কা। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম করেন ২৮ বলে ৬০ রান।
অবশ্য এই ম্যাচের আগে টানা দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে ছিল ২০২১ সালের চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। কিন্তু এই ম্যাচে এসে তাদের সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। একই সঙ্গে পয়েন্ট তালিকায়ও সুলতানসকে পেছনে ফেলে এগিয়ে যায় লাহোর কালান্দার্স।
আর ম্যাচের বড় ব্যবধান গড়ে দেয় সুলতানসের অতিরিক্ত রান দেওয়ার প্রবণতা। পুরো ম্যাচে তারা মোট ২৩ রান অতিরিক্ত দেয়। যার মধ্যে ছিল ১৪টি ওয়াইড, ২টি নো-বল, ৩টি লেগ বাই এবং ৪টি বাই। শেষ পর্যন্ত এই অতিরিক্ত রানই ম্যাচের পার্থক্য তৈরি করে দেয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুলতানের অধিনায়ক টার্নার বলেন, ‘আমরা ম্যাচের প্রথমার্ধে আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। ভালো ব্যাপার হলো আমরা লড়াই চালিয়ে গেছি।’
এছাড়া বোলিংয়ের নিয়ন্ত্রণহীনতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হতাশার বিষয় হলো, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণেই ছিল, যেমন নো-বল ও ওয়াইড। এগুলো ঠিক করতে হবে।
তবে এই হারকে বড় করে দেখছেন না সুলতানস অধিনায়ক। তিনি বলেন, ‘এতেই পৃথিবী শেষ হয়ে যায়নি, একটা ম্যাচ হারলেই পৃথিবীর শেষ হয়ে যায় না। আমাদের নিজেদের দিকে কঠোরভাবে তাকাতে হবে। বোলিংয়ের সময় প্রতিপক্ষকে কীভাবে আটকে রাখা যায়, সেই উপায় খুঁজে বের করতে হবে।’
