ফুটবলে ইউরোপিয়ান দলগুলোর লড়াই মানেই জমজমাট এক প্রতিযোগিতা। যেখানে চোখ থাকে পুরো বিশ্বের। ইউরোপের সেরা দলগুলো এক মঞ্চে লড়াই করে এবং সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এখন ক্রিকেটেও ইউরোপের দলগুলো পরষ্পরের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে। যার নাম হতে পারে ইউরো নেশন্স কাপ ।
ক্রিকেট আয়ারল্যান্ড ইতোমধ্যেই এমন একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে এবং এ নিয়ে কাজও শুরু করেছে। সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইসি জানিয়েছেন, ‘ইউরো নেশনস কাপ’ নামে একটি প্রতিযোগিতা খুব শিগগিরই বাস্তব রূপ নিতে পারে।
ইংল্যান্ডসহ পাঁচ দেশের অংশগ্রহণে নতুন টুর্নামেন্ট পরিকল্পনা
তার ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালেই এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। অনেকটা এশিয়া কাপ-এর আদলে ইউরোপের ক্রিকেট খেলুড়ে দেশগুলো এতে অংশ নেবে। সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি। টি–টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ম্যাচগুলো আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হয়।
শুধু পুরুষদের নয়, নারীদের ক্রিকেটেও এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ইউরোপে নারী ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই উদ্যোগের পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ চলাকালে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর কর্মকর্তাদের কাছে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের প্রস্তাব দেন ম্যাকনেইসি। যদিও সাম্প্রতিক আলোচনায় ইসিবির সক্রিয় অংশগ্রহণ দেখা যায়নি, তবুও ম্যাকনেইসি আশাবাদী।
তিনি বলেন,
আমি বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এই টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আগ্রহী এবং বিশ্বাস করি এটি বাস্তবায়িত হবে। আলোচনাগুলো এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটি আর কেবল ধারণা নয়, বরং বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে।
সম্প্রচার মাধ্যমগুলোর আগ্রহ নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, ইউরোপীয় দলগুলোর অংশগ্রহণে একটি নতুন প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই দর্শক ও স্পন্সরদের আকর্ষণ করবে।
এদিকে, ক্রিকেট আয়ারল্যান্ড সম্প্রতি আরব আমিরাত ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন -এর সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তির ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় আয়ারল্যান্ড জাতীয় দল নিয়মিত সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে।
এছাড়া ২০২৬-২৭ মৌসুম থেকে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন আইরিশ খেলোয়াড় দলে রাখতে হবে।
সব মিলিয়ে, ইউরোপে ক্রিকেটকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে নতুন এই ‘ইউরো নেশনস কাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
