নিষিদ্ধ হলেন ফখর জামান

নিষিদ্ধ হলেন ফখর জামান

দুই ম্যাচে নিষিদ্ধ ফখর জামান।

পাকিস্তান সুপার লিগ পিএসএলে বল টেম্পারিংয়ের ঘটনায় এবার ২ ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান । পিএসএলের চলতি আসরে তিনি খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। যদিও দলের শেষ ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ম্যাচে দল ৫ রান পেনাল্টি গোনে, জয়ও হয় অল্পের জন্য হাতছাড়া। 

আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদের অধীনে লেভেল ৩ অপরাধের অভিযোগ আনা হয় ফখরের বিরুদ্ধে। যা পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘন। যেকোনো ফরম্যাটেই কোনো ব্যাটার ৫ রান করে আউট হলে তা আমলেই নেওয়া হয় না। তবে ৫ রানের মর্ম কী, তা হাড়ে হাড়ে টের পেয়েছে লাহোর।

পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ রান পেনাল্টির জন্যই মূলত জয় হাতছাড়া হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সেদিন লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচি কিংসের। তবে ৫ রান পেনাল্টির কারণে শেষ ওভারের লক্ষ্য নেমে আসে ৯ রানে, যা অনায়াসে নিয়ে ফেলে করাচি।

লাহোরের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আসায় এই ৫ রান জরিমানা করা হয়। ফখর প্রথম শুনানিতে অভিযোগ অস্বীকার করলেও ৪৮ ঘণ্টার মধ্যে ফের শুনানি হয়। সেখানে ম্যাচ রেফারির পাশাপাশি উপস্থিত ছিলেন দলের মালিক সামিন রানা, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও টিম ম্যানেজার ফারুক আনোয়ার।

জয় দিয়ে আসর শুরু করা লাহোর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দলটি। 

Exit mobile version