বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিল ভারত

এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনাল

বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিল ভারত

১৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ফাইনাল জিততে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিল ভারত নারী এ’ দল । আজ রোববার থাইল্যান্ডের ব্যাংককে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ‘এ’দল। তেরদাতাই ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট এই ফাইনালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ভারতের মেয়েরা। বল হাতে বাংলাদেশের পক্ষে ২৫ রানে ৪ উইকেট নেন অধিনায়ক ও লেগ স্পিনার ফাহিমা খাতুন।

এদিন পাওয়ার প্লেতে ভারত ‘এ’দলকে খুব বেশি সুবিধা করতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। ইনিংসের প্রথম ৬ ওভার শেষে ভারত ‘এ’দলের স্কোর ছিল ১ উইকেটে ৩২। ওপেনার দীনেশ বৃন্দাকে (১৯) ষষ্ঠ ওভারে ফেরান বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। পরের ওভারেই পেসার ফারজানা ইয়াসমিনের প্রথম দুই বলে আরও দুটি উইকেট হারায় ভারত ‘এ’ দল।

ওভারের প্রথম বলে রান আউট হন নন্দিনী কাশ্যপ ৮। পরের বলে সানজিদা আক্তারকে ক্যাচ দেন মিন্নু মনি ০ রানে। ভারত ‘এ’ দল ১০ ওভারে ৪ উইকেটে তোলে মাত্র ৫৩ রান। এর মধ্যে নবম ওভারে আনুশকা শর্মাকে ৮ রানে ফেরান বাংলাদেশ ‘এ’ দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন।

তবে পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিস। ৩৬ রান করা রাধা ১৭ তম যখন আউট হন ভারত ‘এ’ দলের স্কোর ৫ উইকেটে ১১৩। ওই ওভারে দুই বল পর তনুজা কানওয়ারকেও ফেরান ফাহিমা। শেষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলতে পারে ভারত ‘এ’ দল। ৩৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তেজাল। শেষ ওভারে তাঁর সহজ ক্যাচ ছাড়েন শারমিন।

এর আগে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা ভালো কিছু ক্যাচ নিয়েছে। ফাহিমার করা ১৯তম ওভারে প্রেমা রাওয়াতের ক্যাচটি সীমানা থেকে অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে নেন ফারজানা ইয়াসমিন। তাঁর নেওয়া রাধার ক্যাচটিও দারুণ ছিল। ১টি করে উইকেট ফারজানা ও ফাতেমার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।

Exit mobile version