বিশ্বকাপ না খেলায় ক্রিকেটারদের জন্য অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। যেখানে তিন দলের হয়ে খেলেছেন ৩৯ ক্রিকেটার। তবে মিরপুর মাঠে খেলা হলেও দর্শকদের আনাগোনা কম। বিষয়টি ক্রিকেটারদের নজরে পড়েছে। আগামীকাল (সোমবার) দুর্বার ও ধুমকেতুর ফাইনালে মাঠভর্তি দর্শকের আশায় ক্রিকেটাররা।
গত শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টিম দুর্বারের ক্রিকেটার খালেদ আহমেদ বলেছেন, ‘এই টুর্নামেন্ট বিসিবির ভালো উদ্যোগ বলব। যারা দলে নেই, বিপিএলের পর তাদের অনেক দিন বসে থাকা লাগত। আমার মনে হয় এই টুর্নামেন্ট ভালো, সামনে যেন এরকম টুর্নামেন্ট আরও হয়। বাংলাদেশে যেমন দর্শক হয়, আমাদের সবাই সাপোর্ট করে। আমি দর্শকদের ধন্যবাদ জানাই। ফাইনালে আমি চাইব যেন মাঠভর্তি দর্শক থাকে।’
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নিজের ক্যাটাগরি নিয়ে খালেদ বলেন, ‘এটা তো আমার হাতে নেই। আমার চেষ্টা থাকে ভালো ক্রিকেট খেলার। উনারা বিবেচনা করবে ডি ক্যাটাগরিতে থাকব না উপরে থাকব। এমন চিন্তা আসে না। চেষ্টা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। ভালো ক্রিকেট খেলব। স্যালারি, এটা উনাদের হাতে, উনারা যেভাবে বিবেচনা করবেন।’
পরে মাঠভর্তি দর্শক প্রসঙ্গে দুরন্তের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই দর্শক বেশি থাকলে খেলা আরও উত্তেজনাপূর্ণ থাকত। সামনে হবে ইনশাআল্লাহ।’
