ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবার মাঠে ফিরেছেন। আজ বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কয়েকদিন পরেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সেজন্যই বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে।
বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হলেও এখানে অনেকেই অনুপস্থিত ছিলেন আজ। বিশেষ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার কারণে ৬ ক্রিকেটার এই ফিটনেস ক্যাম্পে যোগ দিতে পারবেন না। কারণ ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
পিএসএল খেলতে গেছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা। এর মধ্যে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তানজিদ, শরিফুল ও নাহিদ, লাহোর কালান্দার্সে খেলবেন মুস্তাফিজ ও পারভেজ এবং রিশাদ একাই আছেন রাওয়ালপিন্ডি পিন্ডিজে।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে তিন ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের সিরিজ। সর্বশেষ ঘরের মাটিতে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরুর লক্ষ্য
র্যাঙ্কিংয়ের বিবেচনায় এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ৯ নম্বর অবস্থান ধরে রাখা এবং রেটিং বাড়ানোর সুযোগ এবারও। র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড বিশ্বের দুই নম্বর এখন। তাই তাদের বিপক্ষে একটি ওয়ানডে জিতলেই রেটিং বাড়বে বাংলাদেশের।
সে কারণে ঈদের ছুটি শেষেই মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। মূলত ফিটনেস ভালো অবস্থানে আনার জন্য ছুটিতে শরীরে জমে যাওয়া জড়তা কিংবা বাড়তি ওজন ঝরাতেই এই ক্যাম্প। জাতীয় দলের তিন ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন টাইগাররা।
ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও রেখেছেন নির্বাচকরা। সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে প্রথম দিনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।
প্রথম সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করার পর শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ (১৭ ও ২০ এপ্রিল) মিরপুরে হলেও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ টি-২০।
