আনচেলত্তির আগে ব্রাজিলের সর্বশেষ পাঁচ কোচের চারজনই এখন বেকার। সবশেষ ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের কোচ পদ থেকে গত রোববার রাতে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। এর মধ্য দিয়ে অন্য রকম এক মিলের ব্র্যাকেটবন্দী হন কার্লো আনচেলত্তির আগে দায়িত্ব নেওয়া ব্রাজিলের সর্বশেষ পাঁচ কোচ। পাঁচজনই বেকার!
সবশেষ ফার্নান্দো দিনিজকে দরিভালের স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয় করিন্থিয়ান্স। তাতে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের সর্বশেষ পাঁচ কোচের মধ্যে একজনের বেকারত্ব ঘুচলেও বাকি চারজন এখনো বেকার বসে আছেন।
এর আগে গত বছরের ২৬ মে ব্রাজিল কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। তাঁর আগে ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ মার্চ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে ছিলেন দরিভাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলে হারের পর তাঁকে ছাঁটাই করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
জাতীয় দলের পর গত বছরের ২৮ এপ্রিল ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের দায়িত্ব নেন দরিভাল। করিন্থিয়ান্স টানা ৯ ম্যাচ জয়শূন্য থাকায় তাঁকে আর কোচের দায়িত্বে রাখার প্রয়োজন মনে করেনি ক্লাবটি।
ব্রাজিলের কোচ হিসেবে দিনিজের স্থলাভিষিক্ত হয়েছিলেন দরিভাল। ২০২৩ সালের ৪ জুলাই ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান দিনিজ। পরের বছরের ৫ জানুয়ারি পর্যন্ত তাঁকে কোচের দায়িত্বে রাখে সিবিএফ। দরিভালের মতো দিনিজও ছাঁটাই হন। তারপর ক্রুজেইরো ঘুরে ভাস্কো দ্য গামায় ফেরেন দিনিজ। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ভাস্কো থেকে ছাঁটাই হওয়ার পর বেকার সময়ই কাটছিল দিনিজের। শেষ পর্যন্ত করিন্থিয়ান্সে যোগ দিয়ে বেকারত্ব ঘোচাতে পারলেন ব্রাজিল জাতীয় দলের সাবেক এই কোচ।
দিনিজের আগে ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন র্যামন মেনেজেস। সেটাও অন্তর্বর্তীকালীন। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাজিল কোচের দায়িত্ব নিয়ে সে বছরের ৪ জুলাই পর্যন্ত টিকতে পেরেছিলেন মেনেজেস। তাঁকে এরপর ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। গত অক্টোবরে সেই দায়িত্ব ছাড়ার পর আর কোথাও যোগ দেননি মেনেজেস।
মেনেজেস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন তিতে সরে দাঁড়ানোর পর। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর দায়িত্ব ছাড়েন তিতে। এরপর ফ্ল্যামেঙ্গো কোচের দায়িত্ব নেন ২০২৩ সালের ৯ অক্টোবর। পরের বছরের সেপ্টেম্বরে ক্লাবটি থেকে ছাঁটাই হন তিতে। এরপর দায়িত্ব নিয়েছিলেন ক্রুজেইরোর। কিন্তু গত ১৫ মার্চ ক্রুজেইরোর কোচ পদ থেকে ছাঁটাই হওয়ার পর আর কোথাও যোগ দেননি তিতে।
প্রায় ছয় বছর ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন তিতে। দুঙ্গা ছাঁটাই হওয়ার পর এই দায়িত্ব পেয়েছিলেন তিতে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী দুঙ্গা ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশটির জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। লুই ফেলিপে স্কলারি ২০১৪ বিশ্বকাপ শেষে ব্রাজিলের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর দায়িত্ব পেয়েছিলেন দুঙ্গা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















