বাংলাদেশ ফুটবল লিগের ফিরতি ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ফর্টিস এফসি। কুমিল্লায় ইসা জালোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে যায় তারা। এর ফলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলেছে ফর্টিস। অবশ্য দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বসুন্ধরা।
দুই দলের প্রথম লেগের লড়াইয়ে পা ওমর বাবুর জোড়া গোলে ২-০ গোলে মোহামেডানকে হারিয়ে দেয় ফর্টিস। ম্যাচটি গত বছর ২৭ সেপ্টেম্বর লিগ শুরুর দিনে হয়েছে। এবার দীর্ঘ বিরতির পর আবার লিগ শুরুর দ্বিতীয় দিনেই ফর্টিস হারাল সাদা-কালো জার্সিধারীদের। অথচ লিগে গত চারটি ম্যাচেই ড্র করে মোহামেডান।

দিনের একমাত্র ম্যাচে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল মোহামেডানই। আর আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন মোহামেডানের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলপোস্টের দিকে মোট ১৬টি শট নেয় তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন ফর্টিসের ফুটবলাররা। আর মোহামেডানের গোলবারে শট নেয় মোট ২০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ছয়টি। এই পরিসংখ্যানে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদে সাফল্যটা ফর্টিসের।
ম্যাচে প্রথমে লিড নেয় ফর্টিস। ২২তম মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে নেন গাম্বিয়ান ফুটবলার ইসা জালো। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহমেডান। কিন্তু তারা গোলপোস্ট খুঁজে পায়নি।
জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দশজনে পরিণত ফর্টিস
উল্টো ৫২তম মিনিটে আরও একটি গোল হজম করে সাদা-কালো জার্সিধারীরা। ফর্টিসের হয়ে দ্বিতীয় গোলটিও করেন এসা জালো। এর ১২ মিনিট পর একটি গোল পরিশোধ করে মোহামেডান। ৬৪ মিনিটে বক্সে ফাউল করে নিঝুম সাজেদ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ফর্টিস।
পেনাল্টি কিক থেকে গোলটি করেন উজবেকিস্তানের মোজাফফর মোজাফফরভ। ব্যবধান কমিয়ে সমতায় ফেরার সুযোগ যথেষ্টই ছিল মোহামেডানের। কারণ ১০ জন নেয় প্রায় আধা ঘণ্টা খেলেছে ফর্টিস। কিন্তু পারেনি মোহামেডান, ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফর্টিস।
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ফর্টিস। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করে বসুন্ধরা গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে মোহামেডান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















