আসন্ন বিশ্বকাপের ফেভারিট তালিকায় শীর্ষে ফ্রান্স। তবে বিশ্বকাপের আগমুহুর্তে প্রস্তুতি ম্যাচে থমকে গেছে দলটি। নান্তেসে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে হেরে গেছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে চমক দেখিয়ে আইভরি কোস্ট ২-১ গোলে জয় পেয়েছে। জয়ী দলের হয়ে গুয়েলা দুয়ে ও আমাদ গোল করেছেন। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন রায়ান চেকরি।
প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে চেরকির গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। পেনাল্টি সীমানার বাইরে থেকে নেওয়া তার শট প্রথম চেষ্টায় রুখে দিয়েছিলেন আইভরি কোস্টের গোলরক্ষক। কিন্তু বল তিনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল পেয়ে যান আবার চেরকি। এবার আর ভুল হয়নি। বলকে সঠিক ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। তবে এ গোল ধরে রাখতে পারেনি বিশ্বকাপের রানার্স আপ দল। দ্বিতীয়ার্ধে দলে একাধিক পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যাম্প। তার পরিবর্তন দলের জন্য স্বস্তিদায়ক হয়নি। বরং আইভরি কোস্টকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। ৫৩ মিনিটের সময় ফ্রান্সে জম্ম নেওয়া গুয়েলা দুয়ে গোল করে খেলায় সমতা ফেরান। ম্যাচের শেষ মুহুর্তে জয়সূচক গোল করেন আমাদ।
হঠাৎ পাওয়া নয় এ জয়
আইভরি কোস্টের এ জয় হঠাৎ করে পাওয়া কোনো কিছু নয়। দলটি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ সাফল্য দেখিয়েছে। বাছাই পর্বে ১০ ম্যাচে অপরাজিত তারা। শুধু তাই নয়, এ সময়ে তাদের জালে কোনো দল বল ফেলতে পারেনি।
বিশ্বকাপে ফ্রান্সের প্রতিপক্ষরা
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফ্রান্স ‘আই’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সঙ্গে আছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ নরওয়ের বিপক্ষে। এ ম্যাচটি ২৬ জুন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আইভরি কোস্ট খেলবে ‘ই’ গ্রুপে। জার্মানি, কুরাসাও ও ইকুয়েডর রয়েছে তাদের গ্রুপে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আইভরি কোস্টের বিশ্বকাপ মিশন। ১৪ জুন এ ম্যাচটি মাঠে গড়াবে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ শক্তিশালী জার্মানির বিপক্ষে। ২৫ জুন এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের গত দুই আসরে চূড়ান্ত পর্বে খেলতে পারেনি আইভরি কোস্ট। ২০১৪ সালে সর্বশেষ তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল।
আগামী সোমবার ফ্রান্স তাদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। লিলেতে অনুষ্ঠিত এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড।
