পিসিবিকে গাভাস্কারের প্রশ্ন বাংলাদেশ কি বিশ্বকাপে ফিরেছে?

পিসিবিকে গাভাস্কারের প্রশ্ন বাংলাদেশ কি বিশ্বকাপে ফিরেছে

পিসিবিকে গাভাস্কারের প্রশ্ন বাংলাদেশ কি বিশ্বকাপে ফিরেছে, ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার জন্য ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। প্রতিবাদ বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করে পাকিস্তান। কিন্তু এখন আইসিসির সাথে সমঝোতার পর ম্যাচটি খেলবে তারা। ভারতের সাবেক তারকা সুনিল গাভাস্কার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে প্রশ্ন ছুড়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পেরেছে কিনা?

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেললে বিশাল অঙ্কের ক্ষতি হতো আইসিসির। সেই সঙ্গে আয়োজক শ্রীলঙ্কারও ক্ষতি হতো। তাই বিভিন্ন দেশ থেকে ম্যাচটি খেলার অনুরোধ পেয়েছে পিসিবি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি বিবেচনার আহ্বান জানায়। মূলত লাহোরে আইসিসি-বিসিবি-পিসিবি ত্রিপক্ষীয় মিটিংয়ের পরই পাকিস্তান সিদ্ধান্ত পাল্টায়।

পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টানোকে অনেকেই ‘ইউ-টার্ন’ হিসেবে দেখছেন। এছাড়া অনেকেই বলাবলি করছেন, শেষ পর্যন্ত বাংলাদেশ দল তো বিশ্বকাপ খেলতেই পারল না। মাঝে শুধু শুধু এতো নাটকের মঞ্চায়ন হলো।

পাকিস্তান দলের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নাকভি, ছবি : সংগৃহীত

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসেছে পাকিস্তান। পাকিস্তানের এই অবস্থান পরিবর্তনের প্রতিক্রিয়ায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন,‘তারা বলেছিল যে তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। যেহেতু বাংলাদেশকে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলার অনুমতি দেওয়া হয়নি, তাই আপনি কীভাবে বলতে পারেন যে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন? বাংলাদেশ টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এই বিশেষ পরিস্থিতির কারণে আইসিসি কখনোই বাংলাদেশের প্রাপ্য অর্থ আটকে রাখত না বা তাদের জরিমানা করত না। আমি মনে করি না এমন কিছু হতে পারত কারণ এটি ছিল একদম শেষ মুহূর্তের পরিস্থিতি।’

পিসিবিকে গাভাস্কারের যেসব প্রশ্ন

ভারতের এই সাবেক ব্যাটার আরও যোগ করেন যে, পাকিস্তান যদি সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইত, তবে তাদের উচিত ছিল পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানো। তিনি আরও বলেন,‘এটি বলা হচ্ছে যে আপনি বাংলাদেশকে তাদের প্রাপ্য পেতে সাহায্য করেছেন—নিশ্চয়ই, আপনি হয়তো তাদের আর্থিক ভাগ পেতে সাহায্য করেছেন। কিন্তু আপনি কি তাদের টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছেন? পারেননি।’

বাংলাদেশ দলের পাশে দাঁড়ানো বলতে আসলে কি বোঝায় সে ব্যাপারে গাভাস্কার বলেন,‘আপনি যদি সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়াতেন, তবে আপনার পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানো উচিত ছিল। আপনি কেন কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করছেন? বাংলাদেশের অনুরোধে আপত্তি জানানো একমাত্র দেশ ভারত নয়। আরও ১১ বা ১২টি দেশ বলেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা যাবে না, কিন্তু আপনি তো তাদের বিরুদ্ধে খেলবেন। তাহলে আপনি কিসের কথা বলছেন?’

Exit mobile version