ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত খেলোয়াড়

ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত খেলোয়াড়

ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত খেলোয়াড়, ছবি : সংগৃহীত

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৮ সদস্যের ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত থমাস পার্টেই ঠাঁই পেয়েছেন। অভিজ্ঞ এই মিডফিল্ডারকে নিলেও প্রাথমিক দলে বড় চমক হচ্ছে টটেনহ্যাম হটস্পারের তারকা মোহাম্মদ কুদুসের না থাকা। অবশ্য গত জানুয়ারি থেকেই ইনজুরি সমস্যায় ভুগছেন কুদুস।

আর মাত্র ১৫ দিন পর অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঘোষিত ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত পার্টেই স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে খেলেন। এই তারকার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে এবং আগামী বছর বিচারকার্ড শুরুর তারিখ থাকা সত্ত্বেও হেড কোচ কার্লোস কুইরোজ তাঁর ওপরই ভরসা রেখেছেন।

পার্টেই ছাড়াও ঘানার এই দলটিতে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিও, লেস্টারের জর্ডান আইয়ু এবং আব্দুল ফাতাউ। এছাড়া গোলপোস্টের পাহারায় ৫ জন গোলরক্ষককে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে।

ইনজুরির কারণে বিশ্বকাপ দলে ঠাঁই পাননি কুদুস, ছবি : সংগৃহীত

কিন্তু দলে জায়গা হয়নি চোটের সঙ্গে লড়াই চালানো কুদুস। ঘানার হয়ে ৪৬ ম্যাচে ১৩ গোল করা কুদুস গত জানুয়ারিতে কোয়াড ইনজুরিতে পড়েন। আশা করা হয়েছিল মার্চেই মাঠে ফিরবেন তিনি। তবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পুনর্বাসন প্রক্রিয়ার সময় নতুন করে চোটে পড়েন। টমাস ফ্র্যাঙ্ক যখন টটেনহ্যামের কোচ ছিলেন, তারপর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।

অফ-সিজনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে স্পার্সে যোগ দেওয়া কুদুস চলতি প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ খেলে করেছেন মাত্র ২ গোল। অবশ্য, অভিজ্ঞ কোচ কুইরোজ ভরসা রাখছেন ম্যানচেস্টার সিটির আন্তোয়ান সেমেনিও এবং অ্যাথলেটিক ক্লাব ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের ওপর। অন্যদিকে, ২০২৩ সালের পর এই প্রথম ঘানা দলে ডাক পেয়েছেন গ্রিসের ক্লাব পাওকের সাবেক চেলসি ডিফেন্ডার আব্দুল রহমান বাবা।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ২ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘানা। এই ম্যাচের ক্যাম্প শেষেই ২৮ সদস্যের এই দলটিকে কমিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কুইরোজ।

বিশ্বকাপে ঘানার দলে ধর্ষণে অভিযুক্ত পার্টেই ছাড়া যারা আছেন-

গোলকিপার : বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আন্যাং, সলোমন আগবাসি, পল রিভারসন।

ডিফেন্ডার : বাবা আব্দুল রহমান, মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপরাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওউসু।

মিডফিল্ডার : থমাস পার্টেই, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকি, ক্যালেব ইয়েরেঙ্কি, আব্দুল ফাতাউ ইসাহাকু।

ফরোয়ার্ড : কামাল দীন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, আন্তোয়ান সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।

Exit mobile version