হাজি রাইটের চমৎকার হ্যাটট্রিকে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে কভেন্ট্রি সিটি। নিজেদের মাঠের খেলায় সোমবার রাতে তারা হারিয়েছে মিডলসবরাহকে। ৩-১ গোলে জয় কভেন্ট্রি সিটির। হাজি রাইট প্রথমার্ধে একটা এবং দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন।
মৌসুমটা দারুণভাবে শুরু করেছিল কভেন্ট্রি। একের পর এক জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থায়ী আসন গেড়েছিল। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধানটা ১০ পয়েন্টে নিয়ে এসেছিল। প্রথম ১৮ ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচে হেরেছিল। তারপর থেকেই ছন্দপতন কভেন্ট্রির। এ ম্যাচের আগের আট ম্যাচের মধ্যে তারা মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে। সর্বশেষ তিন ম্যাচের একটাতেও জয় পায়নি। ফলে শীর্ষস্থান হারিয়েছিল তারা। মিডলসবরাহকে হারিয়ে এবার সেই শীর্ষস্থান উদ্ধার করেছে।
এদিকে এই হারের ফলে মিডলবরার জয়ের ধারায় ছন্দপতন হলো। টানা ছয় ম্যাচ জয়ের হার তিক্ত স্মৃতি হজম করতে হলো তাদের।
হ্যাটট্রিকের সুবাদে হাজি রাইট তার গোলের সংখ্যা ১৩তে উন্নীত করেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনি দ্বিতীয় স্থানে। এই হ্যাটট্রিকের সুবাদে তিনি এক লাফে একাদশ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তারপরেই রয়েছেন ইপসউইচের জ্যাক ক্লার্কের ও হালসিটি ওলি ম্যাকবার্নি। উভয়ই ১২টি করে গোল করেছেন।
কভেন্ট্রির জন্য এটা ছিল দারুণ এক জয়। এ জয়ের ফলে তারা আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। ৩২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬২। মিডসলবরাহ নেমে এসেছে দ্বিতীয় স্থানে। তবে কভেন্ট্রিকে তারা স্বস্তিতে থাকতে দিচ্ছে না। যে কোনো সময় তারা আবার কভেন্ট্রিকে পেছনে ফেলে দিতে পারে। ৩২ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে তারা কভেন্ট্রির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
