ভিয়েতনামে হামজা যোগ দিলেন বাংলাদেশ দলে

ভিয়েতনামে হামজা যোগ দিলেন বাংলাদেশ দলে

ভিয়েতনামে হামজা যোগ দিলেন বাংলাদেশ দলে, ছবি : সংগৃহীত

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ভিয়েতনামে হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের অন্যতম নির্ভরতা হামজা চৌধুরী। এই ম্যাচের জন্য আগেই ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ দল।

গত রবিবার ভিয়েতনামে হামজা চৌধুরীর আসার কথা ছিল। তবে তার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছেছেন। এই ভ্রমণক্লান্তি নিয়ে অবশ্য অনুশীলন করা সম্ভব হয়নি হামজার।

ভিয়েতনামে হামজা

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করেননি হামজা। কিন্তু বিকেলে অনুশীলনের গ্রাউন্ডে দলের বাকি সদস্যদের সঙ্গে দেখা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে এয়ারপোর্ট থেকে আনতে যান।

অনুশীলনে নামেননি, তবে মাঠে উপস্থিত হন হামজা, ছবি : সংগৃহীত

ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে। লম্বা ভ্রমণ নিয়ে হামজা বলেন, ‘জার্নি ভালো ছিল। ১৫ ঘণ্টা লেগেছে, ইস্তাম্বুলে বিরতি ছিল শুধু, খুব একটা কষ্ট হয়নি।’

এর আগেও হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে লম্বা ভ্রমণ করে ঢাকায় এসেছিলেন। তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিশ্রাম নিতে পেরেছিলেন বলেই বিকেলে আবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। আজ ভিয়েতনামে তিনি পা রাখার আগেই অনুশীলন শুরু করে বাংলাদেশ। এ কারণে সময় পাননি বিশ্রাম নেওয়ার, তাই তিনি আর অনুশীলনে যোগ দেননি।

অনুশীলন না করলেও হামজা পুরোপুরি সুস্থ আছেন এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। হামজা বলেন, ‘ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে, মাঠে নামার জন্য প্রস্তুত আছি। আমি খেলতে মুখিয়ে আছি।’

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দল প্রীতি ম্যাচ খেলবে। মূলত এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলার আগে স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে এই ম্যাচের আয়োজন করা হয়েছে হামজাদের প্রস্তুতির স্বার্থে। যদিও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বাংলাদেশ দল পরবর্তী এশিয়ান কাপ আসরে খেলতে পারবেন না।

কোচ ক্যাবরেরার সঙ্গে হামজা, ছবি : সংগৃহীত

কিন্তু হামজা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন,‘দলের সাথে খেলব ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে। আলহামদুলিল্লাহ আসার পর এখন খুব ভাল লাগছে। ইনশাআল্লাহ আমি ফিট এবং রেডি টু গো। পরিশেষে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক।’

এই ম্যাচ খেলে পরের দিনই সিঙ্গাপুর রওনা হবেন হামজারা। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচ খেলে জামাল ভূঁইয়ারা ঢাকায় ফিরে আসবেন আর হামজা ইংল্যান্ড ফিরে যাবেন। এর মাধ্যমেই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন সমাপ্ত হবে।

Exit mobile version