টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধরণের ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এবার বিশ্বকাপ শুরু করে সহআয়োজক দেশটি। কিন্তু সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া অপরিহার্য স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ইতোমধ্যেই তার পরিবর্তে দুশান হেমন্তকে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা লেগস্পিনার হাসারাঙ্গার হ্যামস্ট্রিং সমস্যাটা পুরনো। অনেকবারই তাকে সাইডলাইনে বসিয়ে রেখেছে এই সমস্যাটি। সর্বশেষ গত বছর নভেম্বরে এই একই সমস্যায় তিনি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেননি। ৪ মাসের মাথায় আবারও একই ইনজুরিতে ছিটকে গেলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের পাওয়া জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছিলেন হাসারাঙ্গা। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে বোলিং করার সময়ই চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে এমআরআই স্ক্যান করানো হয়।
হাসারাঙ্গার স্ক্যান রিপোর্ট ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে যাওয়ায় শ্রীলঙ্কার এই স্পিনারকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে চোট গুরুতর হওয়ায় চলমান বিশ্বকাপে আর খেলা হচ্ছে না হাসারাঙ্গার। কারণ, তার সেরে উঠতে বেশ সময় লাগবে। যার ফলে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা।
হাসারাঙ্গার বদলি হতে পারেন হেমন্ত
হাসারাঙ্গার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ মিলতে পারে দুশান হেমন্তের। তিনিও প্রতিভাবান একজন লেগস্পিনার। অবশ্য হাসারাঙ্গার অভাবটা পূরণ হওয়ার নয়। কারণ শেষদিকে ব্যাট হাতেও দুর্দান্ত অবদান রেখে থাকেন তিনি। তার মতো ব্যাটিং দক্ষতা নেই হেমন্তের।
এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেনি এসএলসি। কারণ, বদলি নেওয়ার ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আইসিসির নিয়ম অনুসারে। তবে হেমন্তই সুযোগ পেতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। যদিও সর্বশেষবার হাসারাঙ্গার ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন আরেক উদীয়মান লেগস্পিনার বিজয়কান্ত ব্যাসকান্ত।
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে কাঁধের চোটে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন কার্যকর পেসার ইশান মালিঙ্গা। ডানহাতি সেই পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান। এখন আরেকটি ধাক্কা খেল দলটি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে। পাল্লেকেলেতে হবে ম্যাচটি। একই মাঠে ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৯ ফেব্রুয়ারি ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
