দেড় বছর আগে ওয়ানডে অভিষেক হলেও খুব বেশি এই ফরম্যাটে খেলতে পারেননি নাহিদ রানা। বাংলাদেশের এই ফাস্ট বোলার ক্যারিয়ারের মাত্র ষষ্ঠ ওয়ানডে খেলতে নেমে আজ পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫টি উইকেট। তার গতির কাছেই পাকিস্তান পরাস্ত হয়েছে বলে মনে করেন পাক কোচ মাইক হেসন। তবে নাহিদ নিজেকে ব্র্যান্ড মনে করেন না।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এর পেছনে সবচেয়ে বড় অবদান নাহিদের বিধ্বংসী বোলিং। তিনি একাই ৫টি উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংস।
স্বীকৃত যেকোনো পর্যায়ের সব ফরম্যাট মিলিয়ে আজ ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করেছেন নাহিদ। সাত ওভার বোলিং করে ২৪ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচ খেলে এটি তার তৃতীয়বার পাঁচ উইকেট শিকার।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরে নাহিদ বলেছেন,‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’ দলের অন্য পেসারদের নিয়ে তিনি বলেছেন,‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের। মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেয়ার চেষ্টা করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভাল।’
আজ পাকিস্তান ওপেনিং জুটিতে ৪১ রান তুলে ফেলে। এরপরই নাহিদের গতির ঝড়ে দিশেহারা হয় তারা। নাহিদ পাকিস্তানের ওপরের সারির পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান। এতেই মূলত পাকিস্তানের ইনিংস বড় হয়নি। তাই পাকিস্তানের কোচ হেসন বলেছেন,‘উইকেট আজকে ভালো ছিল, কৃতিত্ব নাহিদের। সে দারুন বোলিং করেছে। তার গতির কাছেই পরাস্ত হয়েছে আমাদের ব্যাটাররা, সে প্রশংসার প্রাপ্য।’
দুই অধিনায়কের প্রশংসা
নাহিদের বোলিংয়ে প্রতিপক্ষ দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও মুগ্ধ হয়েছেন। কারণ মিরপুরে সাধারণত স্পিনাররাই সুবিধা পান। এ কারণে ফাস্ট বোলার নাহিদকে নিয়ে শাহীন আফ্রিদি বলেছেন,‘আমার মনে হয় আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর নাহিদ এসে আমাদের চাপে ফেলে দেয়। আমার মনে হয় আমরা বল হাতে সত্যিই ভালো করেছি। প্রথম ম্যাচে যে ধরনের শুরু আমরা চেয়েছিলাম, তা পাইনি। এটি একটি তরুণ দল, আর আমি শেষ পর্যন্ত এই দলটির ওপর আস্থা রাখব।’
বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন,‘প্রথম ১০ ওভারে আমরা কোনো উইকেট পাইনি, কিন্তু রানা যেভাবে বল করেছে, সে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে। প্রথম কয়েক ওভারে তাসকিন এবং ফিজও খুব ভালো বল করেছে। রানা বারবার সঠিক জায়গায় বল ফেলেছে, আমরা তাকে সেটাই বলেছিলাম। সে কন্ডিশন ও উইকেট বুঝে সেই অনুযায়ী নিজের লেংথ ঠিক করেছে।’
