ইতিহাস গড়ে মাসের সেরা পাকিস্তানি ক্রিকেটার

ইতিহাস গড়ে মাসের সেরা পাকিস্তানি ক্রিকেটার

বিশ্বকাপে ইতিহাস গড়ে মাসের সেরা পাকিস্তানি ক্রিকেটার। সবশেষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন পাকিস্তানি ওপেনার সহিবজাদা ফারহান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়ে ফেব্রুয়ারি মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

পাকিস্তানের হারিস রউফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মাননা জিতলেন। গেল বিশ্বকাপে ফারহান কেবল রানই করেননি, ভেঙে দিয়েছেন বিরাট কোহলির গড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ড।

বিশ্বকাপ টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে তিনি করেছেন মোট ৩৮৩ রান। ১৬০.২৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

নামিবিয়া এবং স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। এছাড়া ফখর জামানের সাথে ১৭৬ রানের রেকর্ড জুটিও গড়েন ফারহান, যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ। বিশ্বকাপে এমন ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফারহান।

 টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। আইসিসির পুরস্কার জয়ের পর ফারহান বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে এই পুরস্কার জেতা এক অবিশ্বাস্য অনুভূতি। সারা বিশ্বের ভক্তরা যখন আপনার খেলা দেখে, তখন এই স্বীকৃতি আরও বিশেষ হয়ে ওঠে। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, তাদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।’

Exit mobile version