২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলবে জানাল আইসিসি

২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলবে জানাল আইসিসি

২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলবে জানাল আইসিসি, ছবি : সংগৃহীত

এবার নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের অংশগ্রহণ করা হয়নি। এরপর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ দল পরবর্তী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে কিনা। এবার সে বিষয়ে পরিষ্কারভাবে আজ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পরবর্তী টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহন না করলেও আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরাসরিই পরবর্তী বিশ্বকাপে খেলবে। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই হিসেবে বাংলাদেশ দল সরাসরিই খেলার যোগ্যতা লাভ করছে। নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

২০২৮ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, ছবি : সংগৃহীত

অর্থাৎ ৯টি দলের পরবর্তী বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এর বাইরে এখন র‌্যাঙ্কিং থেকে ৩টি দল জায়গা করে নেবে। কারণ, পরবর্তী বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ড এবার সুপার এইটে ওঠার সুবাদেই খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে। এক্ষেত্রে পরবর্তী তিনটি দলের মধ্যে সবার আগেই নামটি আসে বাংলাদেশের। ১০ নম্বরে থাকা আফগানিস্তান ও ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডও সেই বিবেচনাতেই আছে। কারণ ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে এবার সুপার এইটে ওঠায় পরের বিশ্বকাপে সরাসরি খেলবে।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ও তারই জেরে নিরাপত্তা শঙ্কায় চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই এবার বিশ্বকাপ চালিয়ে যাচ্ছে আইসিসি। তাই আশঙ্কা ছিল, এই বিশ্বকাপ না খেলায় সামনের টুর্নামেন্টে হয়তো বাছাইপর্বে নামতে হবে তাদের।

আইসিসির বিবৃতিতে যা বলা হয়েছে

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০, ১১ ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি সুযোগ পাবে পরবর্তী টি-২০ বিশ্বকাপে।

এই ১২টি দলের বাইরে বাকি ৮টি দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্ব খেলে। আমেরিকা থেকে ১টি, ইউরোপ থেকে ২টি, আফ্রিকা থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

Exit mobile version