অবশেষে বরফ গলছে গল ঢাকার ক্লাব ও বিসিবির সম্পর্কের। দায়িত্ব নেয়ার পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটি। গত (৯ এপ্রিল) প্রথম সভা শেষে দ্রুত লিগ মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি তামিম ইকবাল। এবার সে ব্যাপারে প্রথম দৃশ্যত পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড।
ঢাকা লিগ সংক্রান্ত সমস্যা সমাধানে আজ (৯ এপ্রিল) সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে সভায় বসতে যাচ্ছে বিসিবি। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা। দলবদল এবং খেলা মাঠে গড়ানোর দিনক্ষণও ঠিক হতে পারে এই সভায়। তবে ঢাকা লিগ দেরিতে শুরু হওয়ায় পেছাতে পারে লঙ্গার ফরম্যাটের বিএসএল।
দেশে প্রতি বছর সাধারণত মার্চ-এপ্রিলের দিকে আয়োজিত হয় ঢাকা প্রিমিয়ার লিগ। তবে বিসিবি নির্বাচনে অনিয়ম অভিযোগে একটি বড় সংখ্যক ক্লাব বোর্ডে সদ্য সাবেক কমিটিকে বয়কট করে। ফলে ডিপিএলের ভবিষ্যত নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা।
এছাড়া, ডিপিএল নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে গত মাসখানেক ধরেই। কারণ ঘরোয়া ক্রিকেটারদের সবচেয়ে বড় আয়ের উৎস এটি। লিগ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তৎকালীন বিসিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
নতুন বোর্ড যোগ দেয়ার পর তাই এই বিষয়টিকে প্রাধান্যের মধ্যে রেখেছে। গতকাল বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। তাদের সাথে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।
প্রয়োজনে মাঠ ভাড়া করে লিগ আয়োজন করার কথাও জানিয়েছেন তামিম,‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়া করার দরকারও যদি হয় তাও করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। যদি প্রয়োজন হয় আমরা সেটাই করব।’
উল্লেখ্য’ লিগ আয়োজনের জন্য গত বোর্ডের অধীনেও ক্লাবগুলোর সঙ্গে একবারও সভা ডাকা হয়েছিল। গত ৮ এপ্রিল সেই সভা হওয়ার কথা থাকলেও এনএসসি বোর্ড ভেঙে দেয়ায় সঙ্গত কারণে সেটা সম্ভব হয়নি। আজ হতে যাচ্ছে সেই সভা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















