ফাইনালে আবার ভারত , প্রতিশোধের সুযোগ পেল বাংলাদেশ । সাফ নারী চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত সেই চেনা প্রতিপক্ষই পাচ্ছে বাংলাদেশ। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে পিটার বাটলারের দল। এরপর দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। ফলে সাফের শিরোপা নির্ধারণী মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও ভারত।
আগামী শুক্রবার একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শিরোপা নির্ধারণী লড়াই। দুই দলের লক্ষ্য এক হলেও বাংলাদেশের সামনে থাকছে বাড়তি প্রেরণা। কারণ একদিকে টানা তৃতীয় শিরোপা ধরে রাখার স্বপ্ন, অন্যদিকে ভারতের বিপক্ষে পুরোনো হিসাব চুকিয়ে দেওয়ার সুযোগ।
ভারতের হয়ে ভুটানের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৭ মিনিটে। সানফিদা ননগ্রামের নেওয়া শটে গোলটি নির্ধারিত হয়। বক্সের বাইরে থেকে ক্রস পেয়ে এক টাচে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। তবে এই গোলে ভুটানের গোলকিপারের ভুলও বড় ভূমিকা রাখে। তার ক্লিয়ারেন্স ঠিকঠাক না হওয়ায় বল ভারতের ফুটবলারের নাগালেই থেকে যায়।
বাংলাদেশের জন্য ভারতের মাটিতে সাফের ইতিহাস একপাক্ষিক নয়। ২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো বাংলাদেশ। যদিও সেই টুর্নামেন্টের ফাইনালে ভারত ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তখন মারিয়া-মনিকাদের শিরোপার স্বপ্ন অধরাই রয়ে যায়।
এরপর ২০১৯ সালেও ভারতের কাছে ৪-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে পরের দুই ম্যাচে সাফ ও এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে হারিয়ে জবাব দেয় বাংলাদেশের মেয়েরা। তবে চলতি অষ্টম সাফে আবারও ধাক্কা খায় তারা, ৩-০ ব্যবধানে হারতে হয় ভা্রতের কাছে।
এবার তাই ফাইনাল শুধু শিরোপার নয়, সেই পুরোনো অপূর্ণতা কাটানোরও মঞ্চ। বাংলাদেশের জন্য সামনে সুযোগ আছে ভারতের মাটিতে নতুন ইতিহাস লেখার।
