ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ভারত, ছবি : সংগৃহীত

ডু-অর-ডাই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আয়োজক ভারত। আজ ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে জয় ছিনিয়ে নেয় ভারত।

সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে আগেই সেমি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ গ্রুপের শেষ ম্যাচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যারাই জিতবে তারা সেমিতে পা রাখবে। এমন এক ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ দেখেশুনে শুরু করে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে। ওপেনিং জুটি থেকে আসে ৬৮ রান।

হোপ-চেজ ওপেনিং জুটিতেই করেন ৬৮ রান, ছবি : সংগৃহীত

শাই হোপ ৩৩ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩২ রান করে বরুণ চক্রবর্তীর স্পিনে বোল্ড হয়ে যান। এদিন আরেক ওপেনার রোস্টন চেজ ও শিমরন হেটমায়ার দ্বিতীয় উইকেটে আরও ৩৪ রান যোগ করেন। তবে ১২তম ওভারে জোড়া আঘাত হেনে দুজনকেই সাজঘরে ফেরান জাসপ্রিত বুমরাহ।

হেটমায়ার ১২ বলে ১টি চার. ২টি ছক্কায় ২৭ এবং চেজ ২৫ বলে ৫টি চার, ১টি ছক্কায় ৪০ রানে আউট হন। শেরফানে রাদারফোর্ডও (৯ বলে ১৪) দ্রুত বিদায় নিলে ১১৯ রানে ৪ উইকেটে হারায় ক্যারিবিয়রা। সেখান থেকে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েন রোভম্যান পাওয়েল ও জ্যাসন হোল্ডার।

২০ ওভারে চার উইকেটে ১৯৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান ১৯ বলে ৩টি চার, ‍২টি ছক্কায় ৩৪ ও হোল্ডার ২২ বলে ২টি চার, ৩টি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। বুমরাহ চার ওভারে ৩৬ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ভারত ৪১ রানে দুই উইকেট হারায়। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন ৫৮ রানের জুটি গড়েন। সূর্যকুমার অবশ্য ১৬ বলে একটি করে চার-ছয়ে মাত্র ১৮ রান করেই আউট হয়ে যান।

স্যামসন একাই জেতালেন ভারতকে

অন্যদিকে স্যামসন একাই ক্যারিবিয় বোলারদের পরীক্ষা ফেলেন। চতুর্থ উইকেটে তিলক ভার্মকে নিয়ে ৪২ রানের এবং পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন তিনি। তিলক ১৫ বলে ৪টি চার ও ১টি ছয়ে ২৭ এবং হার্দিক ১৪ বলে দুটি চারে ১৭ রান করেন।

স্যামসনের অপরাজিত ৯৭ রান ভারতকে সেমিতে পৌঁছে দেয়, ছবি : সংগৃহীত

স্যামসন শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ৪ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত জয় এনে দেন। তিনি ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। হোল্ডার ও শামার জোসেফ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ- ১৯৫/৪; ২০ ওভার (চেজ ৪০, হোল্ডার ৩৭*, রোভম্যান ৩৪*, হোপ ৩২; বুমরাহ ২/৩৬)।

ভারত- ১৯৯/৫; ১৯.২ ওভার (স্যামসন ৯৭*, তিলক ২৭, সূর্যকুমার ১৮; হোল্ডার ২/৩৮, শামার ২/৪২)।

ফল : ভারত ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সঞ্জু স্যামসন।

Exit mobile version